আশুলিয়ায় নকল ফলের রস ও পানীয় তৈরির কারখানা, চারজনকে কারাদণ্ড
ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে গতকাল শুক্রবার নকল ফলের রস ও কোমল পানীয় তৈরির কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল ফলের রস, পানীয়সহ এসব তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। ভেজাল পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত থাকার দায়ে আদালত চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দণ্ড দেন।জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বেলা ১১টার দিকে কাঠগড়া এলাকার মেহের আলীর বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্ব দেন সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন। ওই বাড়ি থেকে প্রায় ২২ হাজার বোতল নকল ফলের রস ও পানীয় উদ্ধার করা হয়। এ সময় আদালত ফলের রস ও পানীয় তৈরির কাজে ব্যবহূত ১০টি মেশিন, রাসায়নিকসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করেন।পুলিশ জানায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নকল ফলের রস ও পানীয় উৎপাদন করে বাজারজাত করার দায়ে আদালত কারখানার মহাব্যবস্থাপক শাহীনুজ্জামান ও শ্রমিক তোফায়েল হোসেনকে সাত দিনের এবং ব্যবস্থাপক আজাদ হোসেনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে। এ ছাড়া ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে কারাখানার রসায়নবিদ নাসিমুল গনিকে।এলাকাবাসী ও আশুলিয়া থানা সূত্র জানায়, মোবারক হোসেন নামের এক ব্যক্তি মাস তিনেক আগে মেহের আলীর বাসা ভাড়া নিয়ে এসব ভেজাল পণ্য উৎপাদন শুরু করেন। ওই কারখানায় উৎপাদিত নকল ফলের রস ও পানীয় প্রতিদিন গভীর রাতে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।কারখানার ব্যবস্থাপক আজাদ হোসেন জানান, কারখানাটিতে প্রতিদিন প্রায় বিভিন্ন ধরনের ২০ হাজার বোতল ফলের রস ও পানীয় উৎপাদন হতো। উৎপাদিত এসব পণ্যের বেশির ভাগই নিয়ে যাওয়া হতো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীন শাহ পারভেজ জানান, আশুলিয়ার আরও কয়েকটি এলাকায় এ ধরনের কারখানা আছে বলে তাঁদের কাছে তথ্য রয়েছে। পর্যায়ক্রমে ওই সব কারখানায়ও অভিযান চালানো হবে।