কমনওয়েলথ সম্মেলনে ১৭ দফা ঘোষণা গৃহীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের তিন দিনব্যাপী ২১তম সম্মেলন গতকাল রোববার অস্ট্রেলিয়ার পার্থে শেষ হয়েছে। পার্থ কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে ১৭ দফা ঘোষণা গৃহীত হয়েছে।সম্মেলনে জলবায়ু পরিবর্তন, বিশ্ব খাদ্যসংকট, জেন্ডার সমতার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।এতে সরকারপ্রধানেরা কমনওয়েলথের মূল্যবোধ ও নীতির প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।কমনওয়েলথের নেতারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্থিতিশীল সমাজ ও অর্থনীতি গঠনে সংস্থাটির উপযোগিতা নিশ্চিতকরণে কমনওয়েলথের প্রাসঙ্গিকতা বজায় রেখে ধারাবাহিক কার্যক্রম গ্রহণের ব্যাপারে একমত হন।সরকারপ্রধানেরা বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক স্থিতিশীলতা অর্জনে সহযোগিতার ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।রানি দ্বিতীয় এলিজাবেথ ২৮ অক্টোবর এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে ছয়টি মহাদেশের ৫৩টি দেশ (ফিজির সদস্যপদ এখনো স্থগিত) অংশ নেয়।ঘোষণায় ‘এমিনেন্ট পারসন গ্রুপের’ রিপোর্টকে স্বাগত জানানো হয়। সরকারপ্রধানেরা রিপোর্টে কমনওয়েলথকে পুনর্জোরদার করার সুপারিশের সঙ্গে একমত পোষণ করেন। এ লক্ষ্যে সংস্থাটির সংস্কারের ব্যাপারেও মতৈক্যে পৌঁছান তাঁরা।কমনওয়েলথের নেতারা কমনওয়েলথের মৌলিক মূল্যবোধ, নীতি ও লক্ষ্য যথাযথভাবে এগিয়ে নেওয়া এবং বিকশিত ও সংরক্ষণ করার ব্যাপারেও মতৈক্যে পৌঁছেন।