কালিয়াকৈরে পোশাক কারখানায় বিক্ষোভ
শ্রমিক ছাঁটাই কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা হরতকিতলা এলাকার মাহমুদ জিনস লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। শিল্পাঞ্চল পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ওই কারখানার ফিনিশিং সেকশনের দুই শ্রমিকের সঙ্গে কারখানার কর্মকর্তারা খারাপ ব্যবহার করেন। পরে ওই দুই শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়। এ খবর জানার পর কারখানার কয়েকজন শ্রমিক ঘটনাটির প্রতিবাদ করেন। এ সময় কারখানার কর্মকর্তারা শ্রমিকদের মারধর করেন। এ ঘটনায় কারখানার সব শ্রমিক উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা কারখানার ভেতর কর্মবিরতি এবং বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়া তাঁরা কারখানার জানালা-দরজার গ্লাস ভাঙচুর করেন। একপর্যায়ে বাধা দিতে গেলে কারখানার কর্মকর্তাদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে কারখানার জিএম, কোয়ালিটি কন্টোলার পীযুষসহ কয়েকজন আহত হন। খবর পেয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের কয়েকটি দাবি পূরণের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে কর্তৃপক্ষ কারখানা এক দিনের ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কর্মস্থল ত্যাগ করেন। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) দেওয়ান লালন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কারখানার মহাব্যবস্থাপক বলেন, শ্রমিকেরা সামান্য ব্যাপার নিয়ে কর্মকর্তাদের মারধর করে কারখানা ভাংচুর করেছেন।