খালেদার বক্তব্য আদালত অবমাননার শামিল: সুরঞ্জিত
সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত আদালতে বিচারাধীন ব্যক্তিদের মুক্তির দাবি করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যকে আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘তত্ত্বাবধায়ক সরকার আজকের বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। একই আলোচনা সভায় সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘খোঁড়া ঘোড়া’ বলে আখ্যায়িত করেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা এই খোঁড়া ঘোড়া দিয়ে রেস জেতার আশা করেন না। জিততে হলে রেসের ঘোড়া আনুন।’মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করতে একাধিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পরামর্শ দেন সাবেক এই সেনাপ্রধান।হারুন-অর-রশিদ বলেন, ‘একটা ট্রাইব্যুনাল গত এক বছর আট মাসে একজনের বিচার করে শেষ করতে পারেনি, এমন কী শুরুই করেনি। আপনারা মাত্র পাঁচজনকে ধরেছেন। কতজনকে ধরা হবে, কতজনের বিচার হবে, সেটাও জানি না।’ তিনি বলেন, ‘৪০ বছর ধরে যুদ্ধাপরাধের বিচারের আশায় দেশের মানুষ অপেক্ষা করে আছে। দুই বছরের মধ্যে বিচার না হলে আর হবে না।’ সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী এম জহির, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।জামায়াতের আমিরের মতো কথা বলছেন খালেদা: গতকাল সকালে অপর একটি আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত মন্তব্য করেন, খালেদা জিয়া এখন জামায়াতের আমিরের মতো কথা বলছেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে বলেন, ‘আপনার যদি যুদ্ধাপরাধীদের পক্ষ হয়ে সাফাই সাক্ষ্য দিতে হয় তাহলে রোডমার্চে নয়, আদালতে গিয়ে সাক্ষ্য দেন।’ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘আইনের শাসন ও গণতন্ত্রকে হত্যা, ১৫ আগস্টের খুনিদের ও যুদ্ধাপরাধীদের পুনর্বাসন: জিয়া-খালেদার ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী শিল্পীগোষ্ঠী।