গাদ দিয়ে তৈরি হচ্ছে ‘সন্দেশ’!
নাম ‘সন্দেশ’ হলেও দুধ কিংবা ছানার লেশমাত্র নেই তাতে। এই সন্দেশ তৈরি হচ্ছে মিষ্টির কারখানার ফেলে দেওয়া গাদ দিয়ে। রাজধানীর অদূরে সাভারে গড়ে উঠেছে এই সন্দেশের অন্তত অর্ধশত কারখানা।অনুসন্ধানে জানা যায়, সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া, আড়াপাড়া, ডগরমুড়া মহল্লাসহ বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এসব কারখানায় সপ্তাহে দেড় হাজার থেকে দুই হাজার মণ সন্দেশ উৎপাদিত হয়। যেভাবে তৈরি হয়: একটি কারখানার শ্রমিক আবদুর রহমান জানান, গাদ ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত জ্বাল দিয়ে তাতে পরিমাণমতো আটা, ময়দা ও সুজি মেশানো হয়। কয়েক মিনিট পর গাদ, আটা, ময়দা ও সুজির মিশ্রণ ঢালা হয় এক ধরনের পাত্রে। মিশ্রণ শক্ত হওয়ার পর ছোট ছোট করে কাটা হয়। এই ‘সন্দেশ’ পরে পলিথিনের থলেতে ভরে বাজারজাত করা হয়। বিক্রি করা হয় ৪৫ টাকা কেজি ধরে। দেশের বিভিন্ন স্থানে দোকানে এক টুকরা ‘সন্দেশ’ এক-দুই টাকায় বিক্রি হয়। গোড়ার কথা: ছয় বছর আগে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নাটুয়াবাড়ি গ্রামের জমির খাঁ প্রথম সাভারে ‘সন্দেশের’ কারখানা গড়ে তোলেন। তাঁর কারখানায় কাজ শিখে ওই গ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সাভারে এসে কারখানা খুলে কথিত এই সন্দেশের ব্যবসা শুরু করেন।‘সন্দেশ’ ব্যবসায়ী মোমিন মিয়া জানান, বছর বিশেক আগে রাজধানীর জুরাইনে এ ব্যবসার সূত্রপাত। সেখানকার একটি কারখানায় কাজ করতেন জমির খাঁ। বছর ১৫ আগে নরসিংদী শহরের সাতিরপাড়া এলাকায় তিনি একটি কারখানা দিয়ে নিজেই সন্দেশের ব্যবসা শুরু করেন। বছর ছয়েক আগে নরসিংদী থেকে এসে তিনি কারখানা দেন সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকায়। ওই কারখানায় কাজ করতেন নাটুয়াবাড়ির লোকজন। তাঁরা কাজ শিখে সাভারে একের পর এক কারখানা গড়ে তোলেন। এভাবেই ‘সন্দেশের’ ব্যবসা ছড়িয়ে পড়ে সাভারে। গাদ কী: সাভারের মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠান কালাচাঁদ মিষ্টান্ন ভান্ডারের ব্যবস্থাপক রঞ্জিত ঘোষ জানান, মিষ্টি তৈরির আগে পানির সঙ্গে চিনি মিশিয়ে জ্বাল দিতে হয়। দীর্ঘক্ষণ জ্বাল দেওয়ার পর তৈরি হয় চিনি ও পানির ঘন দ্রবণ; যা সিরা হিসেবে পরিচিত। এই সিরা জ্বাল দেওয়ার সময় চিনির সঙ্গে থাকা ময়লা-আবর্জনা ভেসে উঠতে থাকে। সামান্য সিরাযুক্ত ওই ময়লা-আবর্জনাই গাদ হিসেবে পরিচিত। রঞ্জিত জানান, মিষ্টি তৈরির কারখানায় ব্যবহারের অনুপযোগী এই গাদ আগে ফেলে দেওয়া হতো। এখন তা কথিত সন্দেশ তৈরির কারখানার মালিকেরা কিনে নেন। এ জন্য মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকদের অগ্রিম টাকাও দেন ‘সন্দেশ’ ব্যবসায়ীরা। কারখানার চিত্র ও সংশ্লিষ্টদের বক্তব্য: অতি সম্প্রতি বাড্ডা ভাটপাড়া এলাকার তিন ফুল মার্কা ‘সন্দেশের’ কারখানায় গিয়ে নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে সন্দেশ তৈরি করতে দেখা যায়। চারপাশে উঁচু সীমানাপ্রাচীরে ঘেরা একটি বাড়ির এক কোণে ছাউনি দিয়ে স্থাপন করা হয়েছে মাটির বড় বড় চুলা। ওই চুলাতেই বড় কড়াইয়ে জ্বাল দেওয়া হচ্ছিল কথিত সন্দেশ তৈরির মূল উপাদান ময়লা-আবর্জনাযুক্ত মিষ্টির গাদ। চুলার পাশেই বড় বড় খোলা ড্রামে কড়াইয়ে ছিল গাদ; যেখানে নাকে রুমাল ধরা ছাড়া দাঁড়িয়ে থাকা মুশকিল। চুলার পাশেই একটি বড় ছাপরাঘর। ওই ঘরে বসে ‘সন্দেশ’ কেটে পলিথিনের থলেতে ভরছিলেন কয়েকজন শ্রমিক। কারখানার অনুমোদন আছে কি না, জানতে চাইলে মালিক আফাজ উদ্দিন বলেন, ‘পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করা হয়েছে। আর যাঁরা ধরবেন, তাঁদের ম্যানেজ করেই ব্যবসা করছি। থানা-পুলিশসহ সংশ্লিষ্ট সব পক্ষকেই নিয়মিত মাসোহারা দেওয়া হয়।’শান্তা সন্দেশ কারখানায় গিয়েও নোংরা পরিবেশে ‘সন্দেশ’ তৈরির দৃশ্য চোখে পড়ে।কর্তৃপক্ষের বক্তব্য: সাভার উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মিজানুর রহমান খান বলেন, এসব খাবার মানবদেহের জন্য ক্ষতিকারক। এ ধরনের খাবার তৈরি বিশুদ্ধ খাদ্য আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই আইন অমান্যকারীদের প্রথম ধাপে পাঁচ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ ছাড়া তিন থেকে ছয় বছরের কারাদণ্ডও দেওয়া যেতে পারে। আইনে শাস্তির বিধান থাকলেও ওই সব কারখানার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন, জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘সন্দেশ তৈরির কারখানা সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য না থাকায় ব্যবস্থা নেওয়া হয়নি।’তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিখিল কুমার সাহা বলেন, খোঁজখবর নিয়ে এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ভেজাল ও মানবদেহের জন্য ক্ষতিকর কোনো খাদ্যদ্রব্যের উৎপাদক বা ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ সরাসরি আইনি ব্যবস্থা নিতে পারে না। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ ম্যাজিস্ট্রেট প্রয়োজন।