চলছে শেষ মুহূর্তের প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আর পাঁচ দিন বাকি। চলছে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা। মেয়র পদপ্রার্থীদের মধ্যে সেলিনা হায়াৎ আইভী গতকাল সোমবার সিদ্ধিরগঞ্জ ও শহরে, শামীম ওসমান বন্দরে এবং কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিএনপি-সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার শহরে প্রচারণা চালিয়েছেন।আইভী অভিযোগ করেছেন, তাঁর সমর্থকদের মারধর ও পোস্টার ছেঁড়া হয়েছে। তিনি প্রতিটি ভোটকেন্দ্রের ভেতরে-বাইরে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। শামীম ওসমান পোস্টার ছেঁড়া ও প্রতিপক্ষকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তৈমুর আলম আবারও প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন।প্রচার-প্রচারণা: সেলিনা হায়াৎ আইভী সকাল থেকে বিকেল পর্যন্ত গোদনাইল, এসিআই পানির কল, হাজীগঞ্জ, খানপুর, ডন চেম্বার, কিল্লারপুর এলাকায় গণসংযোগ করেন। তাঁর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এস এম আকরাম, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি হায়দার আলী, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজামউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত প্রমুখ।শামীম ওসমান সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দরের সোনাকান্দা, বেপারীপাড়া, মাহমুদনগর ও বিকেলে শহরের জিমখানা, ডিআইটি ও বঙ্গবন্ধু সড়কের আশপাশে গণসংযোগ, উঠান-বৈঠক ও পথসভা করেন। আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরা তাঁর সঙ্গে ছিলেন।গলাচিপা, গোয়ালপাড়া, নন্দীপাড়া, পালপাড়া এলাকায় শামীমের পক্ষে গণসংযোগ ও পথসভা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কাজী জাফরউল্লাহ, আবুল হাসানাত আবদুল্লাহ, বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস, সুজিৎ রায় নন্দী প্রমুখ। অভিনেতা এ টি এম শামসুজ্জামানও শামীমের পক্ষে ভোট চান। বিকেএমইএ ও বিজিএমইএর নেতারাও চাষাঢ়া, খানপুর, তলা, কিলারপুল এলাকায় পথসভা করে দেয়ালঘড়ি প্রতীকে ভোট চান।তৈমুর আলম খন্দকার গলাচিপা মসজিদ প্রাঙ্গণ থেকে ঘোড়াপট্টি, গোয়ালপাড়া, নন্দীপাড়া হয়ে আমলাপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় গণসংযোগ করেন। পরে তিনি আমলাপাড়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা জান্নাতুল ফেরদৌস, এ টি এম কামাল, আবু আল ইউসুফ খান, মাওলানা ফেরদৌস রহমান, মাওলানা আনিছ আনসারী প্রমুখ।আইভীর পক্ষে গণসংযোগকালে মারধরের অভিযোগ: আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান শরীয়তপুরী অভিযোগ করেন, দুপুরে গোদনাইলে আইভীর পক্ষে গণসংযোগকালে শামীম ওসমান সমর্থিত গোদনাইলের আওয়ামী লীগের নেতা শাহ আলম ও অন্যরা তাঁর ওপর হামলা চালান এবং মারধর করেন।শামীম সমর্থককে জরিমানা: বন্দরের লনখোলায় ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেওয়ায় গত রোববার রাতে শামীম ওসমানের সমর্থক আওয়ামী লীগের নেতা মো. শাহ আলমকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা শেষে ফেরত আসার সময় ভ্রাম্যমাণ আদালতের গাড়িতে ঢিল ছোড়ে অজ্ঞাত দুর্বৃত্তরা। সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।