জেলা প্রশাসকবিহীন নারায়ণগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমান গত ১৫ অক্টোবর থেকে দেড় মাসের ছুটিতে গেছেন। যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মেহদী হাসানের কাছে।জেলা প্রশাসন সূত্র জানায়, ১৯৮৪ সালে নারায়ণগঞ্জ মহকুমা থেকে জেলায় উন্নীত হওয়ার পর টানা এত দীর্ঘ সময় কোনো জেলা প্রশাসকের কর্মস্থলে না থাকার রেকর্ড নেই। জেলা প্রশাসকের অনুপস্থিতির কারণে প্রশাসনিক কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।সূত্রমতে, জেলা প্রশাসক সামছুর রহমান ২০০৯ সালের ২৩ মার্চ থেকে দায়িত্বে আছেন। গত ৩০ অক্টোবর সিটি করপোরেশনের নির্বাচনের আগেই জেলা প্রশাসক ছুটি নিয়ে নারায়ণগঞ্জ ত্যাগ করেন। শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জের মতো রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ জায়গায় এত দীর্ঘ সময় জেলা প্রশাসক কর্মস্থলে না থাকার ঘটনা নজিরবিহীন। এতে সরকারের বিভিন্ন নীতির বাস্তবায়ন, উন্নয়নকার্যক্রম স্থবির হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।’ আনোয়ার বলেন, ‘জেলা প্রশাসক তাঁর কর্মকাণ্ডের কারণে ইতিমধ্যে বিতর্কিত হয়ে পড়েছেন। গত ১৮ মে জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর সামনেই এক সভায় শামীম ওসমান সাংসদ সারাহ্ বেগম কবরী ও আমাকে মারতে তেড়ে আসেন। একপর্যায়ে শামীম আমার গায়ে হাত তোলেন। সেদিন শামীম ওসমানের পাশে বসা জেলা প্রশাসক সম্পূর্ণ নিশ্চুপ ছিলেন। আজ পর্যন্ত জেলা প্রশাসক ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করে কোনো আইনগত ব্যবস্থা নেননি।’ এদিকে নারায়ণগঞ্জে সম্মিলিত নাগরিক পরিষদের সদস্যসচিব সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসক সামছুর রহমান একটি পরিবারের আজ্ঞাবহ। তিনি ছুটিতে যাওয়ার পর যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সৈয়দ মেহদী হাসান স্বাধীনতাবিরোধী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন বলে জনশ্রুতি আছে।’ আওয়ামী লীগের নেতা আনোয়ার বলেন, ‘ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ মেহদী হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কর্মী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। মেহদী গত সোমবার তাঁর কার্যালয়ে আয়োজিত জেলা ই-সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের সরকারি অনুষ্ঠানে বিপুল ভোটে নির্বাচিত সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আমন্ত্রণ পর্যন্ত জানাননি।’ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ মেহদী হাসান বলেন, জেলা প্রশাসক সামছুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে ১৫ অক্টোবর থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি কর্মস্থলে না থাকলেও প্রশাসনিক কাজকর্ম ঠিকই চলছে। ছাত্রজীবনে ছাত্রশিবির করতেন কি না, এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে মেহদী হাসান বলেন, ‘এটা প্রমাণ করা কষ্টকর হবে।’