টঙ্গীতে বন্ধুর বাড়িতে কিশোর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের আবাসিক এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে গত রোববার রাতে রমজান আলী (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।রমজান টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলের আবাসিক এলাকার বাসিন্দা আবদুর রশীদের ছেলে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হালুদিয়া গ্রামে। টঙ্গীর কাজু খাঁ দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ছিল সে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার সকালে রমজান আলীর সহপাঠী ও বন্ধু নাজমুল তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। নাজমুল রমজানকে তার বাসায় নিয়ে কথাবার্তার একপর্যায়ে কৌশলে তার হাত-পা বেঁধে মাথায় উপর্যুপরি আঘাত ও গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতর লুকিয়ে রাখে।এদিকে রমজানকে না পেয়ে তার পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে। না পেয়ে তারা রমজানের বন্ধু নাজমুলের শরণাপন্ন হয়। নাজমুলকে একাধিকবার জিজ্ঞাসাবাদের পর সে হত্যার বিষয়টি স্বীকার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, টঙ্গী থানা পুলিশ রোববার রাত সাড়ে ১২টার দিকে নাজমুলদের বাসার সেপটিক ট্যাংকের ভেতর থেকে রমজানের লাশ উদ্ধার করে। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার বলেন, রমজানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রমজানের ভাই এরশাদ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। নাজমুলকে গ্রেপ্তার করে গতকালই আদালতে পাঠানো হয়েছে।