দরপত্র গ্রহণের আগেই রাস্তার কাজ শুরু
ঝিনাইদহের মহেশপুরে দরপত্র গ্রহণের আগেই রাস্তা পাকাকরণের কাজ শুরু করা হয়েছে। ৫০ লাখের বেশি টাকা ব্যয় নির্ধারণে এই রাস্তার কাজ শুরু করেছেন স্থানীয় সাংসদ শফিকুল আজম খানের আত্মীয় সাহাবুদ্দিন স্বপন। ১৭ নভেম্বর এই কাজের দরপত্র গ্রহণের তারিখ রয়েছে।নির্মাণকাজের সঙ্গে জড়িত ঠিকাদার সাহাবুদ্দিন স্বপন দাবি করেন, অন্য একটি রাস্তা করতে গিয়ে ভুল করে এখানে কিছুটা কাজ করা হয়েছে। তাই বাকি কাজও করা হচ্ছে। তবে কাজটি পাওয়ার আশা রয়েছে। আর কাজ পাওয়ার পর বিষয়টি সমন্বয় করা হবে। এ ব্যাপারে স্থানীয় সাংসদ তাঁদের আশ্বস্ত করেছেন বলেও জানান তিনি। সরেজমিনে দেখা গেছে, মহেশপুর উপজেলার ফতেপুর বাজার থেকে কানাইডাঙ্গা বাজারের দিকে এলজিইডির আওতাধীন রাস্তাটি পাকা করার কাজ চলছে। ইতিমধ্যে এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তার সবটুকু খোঁড়া হয়ে গেছে। ফেলা হয়েছে বালু। নিম্নমানের ভাঙাচোরা ইট ফেলে খোয়া তৈরি করা হয়েছে। দু-চার দিনের মধ্যে এই খোয়া রাস্তার ওপর ফেলে রোলার করা হবে বলে জানা গেছে। কয়েকজন এলাকাবাসী জানান, দুই সপ্তাহ আগে এই রাস্তায় খোঁড়াখুঁড়ি শুরু হয়।এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁদের এলাকার এই রাস্তার কাজ করছেন স্থানীয় সাংসদ শফিকুল আজম খানের ভাই মহিবুল আলম খানের শ্যালক সাহাবুদ্দিন স্বপন। ঠিকাদারের লোকজন অতি দ্রুত শেষ করতে তড়িঘড়ি কাজ করছেন।এ ব্যাপারে গতকাল সোমবার রাতে ঝিনাইদহ-৩ আসনের (কোটচাঁদপুর-মহেশপুর) সাংসদ শফিকুল আজম খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, সাহাবুদ্দিন স্বপন কীভাবে কাজ করছেন, তা তিনি জানেন না। সাহাবুদ্দিন তাঁর কাছের কেউ নন; দূর সম্পর্কের আত্মীয়। এ নিয়ে তাঁকে (শফিকুল আজম) জড়িয়ে প্রতিবেদন প্রকাশ করা ঠিক হবে না।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মহেশপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ফতেপুর থেকে কানাইডাঙ্গা রাস্তার দৈর্ঘ্য এক কিলোমিটারের কিছু বেশি। রাস্তাটি পাকা করার জন্য ৫৩ লাখ ৭১ হাজার ৭৪৪ টাকা বরাদ্দ করা হয়েছে। এই কাজের জন্য গত ২৯ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করা হয়। ১৭ নভেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ। দরপত্র জমা দেওয়ার পর লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করার কথা।একাধিক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই রাস্তার কাজের জন্য এক হাজার টাকার বিনিময়ে দরপত্র ক্রয় করেছেন। কিন্তু কাজ শুরু হয়েছে শুনে তাঁরা হতাশ হয়েছেন। ঠিকাদারেরা বলেন, দরপত্র গ্রহণের আগেই কীভাবে কাজ শুরু হয়! এ থেকে প্রমাণিত হয়, মহেশপুর উপজেলায় দরপত্রে কত অনিয়ম হচ্ছে।মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইজউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনা জেনেছি এবং উপজেলা প্রকৌশলীর কাছে জানতে চেয়েছি, কীভাবে আগেই কাজ শুরু হলো।’এলজিইডির উপজেলা প্রকৌশলী জাকারিয়া হোসেন প্রথম আলোকে বলেন, এভাবে আগাম কাজ শুরু হওয়ার কথা নয়। তিনি বিষয়টি জানেন না। তবে খোঁজ নিয়ে দেখবেন।