দুই হাজার মানুষ খাজনা দিতে পারছে না ১৩ বছর
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরসালেপুর মৌজার দুই হাজার লোক ১৩ বছর ধরে প্রায় তিন হাজার একর জমির খাজনা দিতে পারছেন না। ভূমি কার্যালয় ১৯৯৯ সাল থেকে মৌজার জমির খাজনা নেওয়া বন্ধ করে দেয়। আজও তা চালু হয়নি। এই সুযোগে প্রভাবশালীরা অনেকের জমি দখল করে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী কৃষকেরা খাজনা গ্রহণের দাবিতে গত ১৭ অক্টোবর মৌন মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পরের দিন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরসালেপুর মৌজাটি ১৯৫২ সালে নদী সিকস্তি (খাসজমি) ঘোষণা করা হয়। ওই জমি ১৯৬৯ সালে আবার চর আকারে জেগে ওঠে। ১৯৮২ সালে দিয়ারা জরিপ চূড়ান্ত হওয়ার পর সরকার ওই এলাকার আদি মালিকদের জমি ফিরিয়ে দেয় এবং ১৯৯৮ সাল পর্যন্ত খাজনা গ্রহণ অব্যাহত রাখে। কিন্তু গত ১৯৯৯ সাল থেকে হঠাৎ করে ওই মৌজার খাজনা নেওয়া বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে চরহরিরামপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এবং মধ্য সালেপুর, পূর্ব সালেপুর, পশ্চিম সালেপুর গ্রামের প্রায় তিন হাজার একর জমির খাজনা নেওয়া বন্ধ আছে। এই সুযোগে স্থানীয় জোতদারেরা সাধারণ কৃষকদের জমি দখল করে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে ওই এলাকার প্রায় দুই হাজার কৃষক পরিবার আবার খাজনা চালু করার দাবি জানিয়েছেন। ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জসীম মণ্ডল বলেন, সালেপুর গ্রামের জমির খাজনা চালু না থাকায় চরে জেগে ওঠা জমি স্থানীয় একটি প্রভাবশালী মহল ভোগ দখল করে চলেছে। পুনরায় খাজনা গ্রহণ চালু করলে সাধারণ কৃষকেরা তাঁদের অধিকার ফিরে পেতে পারেন।চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল বারী জানান, চরসালেপুর মৌজায় খাজনা চালু না থাকায় ইউনিয়নের একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সাধারণ কৃষকদের অন্তত দেড় হাজার একর জমি জবরদখল করে রেখেছে। এমনকি চলতি মাসে ওই চরের একটি প্রভাবশালী মহল তিনটি বসতভিটা জবরদখল করে নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ বলেন, ‘সালেপুর চরের হেনা আক্তার নামের এক দুস্থ বিধবার বসতভিটা প্রভাবশালী একটি চক্র দখল করে নিয়েছে বলে আমার কাছে অভিযোগ করা হয়েছে। আমি এ ব্যাপারে পদক্ষেপ নেব।’ খাজনা না নেওয়া প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, ওই জমিগুলো নদীতে বিলীন হওয়ায় খাস হয়ে যায়। ১৯৮২ সালে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একটি নোটিশ জারি করে ওই সব জমির খাজনা নেওয়া শুরু করেন। ১৯৯৯ সালে তৎকালীন ইউএনও খাজনা নেওয়া বন্ধ করে দেন। তিনি বলেন, ‘আমরা জেগে ওঠা ওই জমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেব, কোনো জোতদারকে ভোগদখল করতে দেব না।’