দূষণ-দখলে বিলুপ্তির পথে কর্ণপাড়া খাল
দূষণ আর দখলের কবলে পড়ে ঢাকার সাভারের কর্ণপাড়া খালের অস্তিত্ব এখন বিলুপ্তির পথে। হাজার হাজার লিটার তরল বর্জ্য ও আবর্জনার কারণে খালের পানি কালো আর দুর্গন্ধময়। আর দখলের কারণে আকারও ছোট হয়ে আসছে।কর্ণপাড়া খালটির উৎস সাভারের বংশী নদী থেকে। মিলেছে তুরাগ নদের মিরপুর এলাকায় গিয়ে। একসময় খালটিতে পর্যাপ্ত পানি ছিল, ছিল প্রচুর মাছ। এখানকার লোকজন গৃহস্থালিসহ গোসলের কাজ সারত এই খালে। কিন্তু এখন এটিকে আর খালের মতো মনে হয় না। পানিতে নামলে শরীরে ঘা হয়ে যায়।কর্ণপাড়া খালের সাভার পৌরসভার বড়াইগ্রাম ও কর্ণপাড়া মৌজার ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে চলছে ভরাট ও দখলের প্রতিযোগিতা। কোথাও মাটি, কোথাও আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, বড়াইগ্রাম জামে মসজিদের পাশে খালের মাঝে বাঁশ পুঁতে দখল করা বেশ কিছু অংশে আবর্জনা ফেলে ভড়াট করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। এ ছাড়া মাটির নিচ দিয়ে স্থাপন করা একাধিক পাইপের মাধ্যমে বর্জ্যমিশ্রিত তরল খালে এসে পড়তে দেখা যায়। এসব পাইপের কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি।সাভার পৌর বিএনপির সহসভাপতি মো. নাজিম উদ্দিন অভিযোগ করেন, বছর দেড়েক আগে জনৈক জজ আলীসহ কতিপয় প্রভাবশালী ব্যক্তি বড়াইগ্রাম মসজিদের পাশে খালের মাঝ বরাবর বাঁশ পুঁতে দখল করে নেন। সেখানে এখন মাটি ও আবর্জনা ফেলে ভড়াট করা হচ্ছে।যোগাযোগ করা হলে জজ আলী দাবি করেন, খাল হলেও ওই জমি ব্যক্তিমালিকানাধীন। সেখান থেকে তিন-চার শতাংশ জমি তিনি কিনেছেন। এর পাশে আরও কয়েকজন জমি কিনে ভরাট করার জন্য খালে বাঁশ পুঁতেছিলেন। কিন্তু এ নিয়ে নানা বিতর্ক হওয়ায় তিনি ওই জমি প্রস্তাবিত একটি মাদ্রাসাকে দান করে দিয়েছেন।স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, খালের তীরে উঁচু স্থানটিকে দীর্ঘদিন ধরে তাঁরা শ্মশান হিসেবে ব্যবহার করে আসছিলেন। দখল করার সময় তাঁদের সেই শ্মশানটিও ভেঙে ফেলা হয়েছে।খালের আশপাশের বিভিন্ন কারখানার মালিক ও কর্মকর্তারা তাঁদের কারখানা থেকে বর্জ্যমিশ্রিত পানি বের হওয়ার কথা অস্বীকার করেন। এক কারখানা কর্তৃপক্ষ দোষ চাপায় অন্য কারখানার ওপর।খাল থেকে ৫০ গজ দূরে অবস্থিত এইচআর টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মো. লুৎফর রহমান জানান, তাঁদের কারখানায় পানি শোধনাগার চালু আছে। অন্য কোনো কারখানা থেকে বর্জ্যমিশ্রিত তরল খালে ফেলা হতে পারে।গতকাল বৃহস্পতিবার একাধিকবার পৌরসভায় গিয়েও ব্যস্ত থাকার কারণে মেয়র রেফাত উল্লাহর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর মুঠোফোন ও অফিসের ফোনে একাধিকবার চেষ্টা করেও ফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি।যোগাযোগ করা হলে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, খাল বা কোনো জলাধারসহ সরকারি ভূমি কেউ দখল করে থাকলে তিনি যেই হোন না কেন, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি খাল দখলের বিষয়টি শিগগির খতিয়ে দেখবেন বলেও জানান।