দোহারে মানবেতর জীবন যাপন করছে কয়েক শ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুরের পদ্মার ভাঙনের শিকার নারী ও শিশুসহ কয়েক শ মানুষ মাহমুদপুর-রাধানগর-বিলাসপুর রাস্তার পাশে ও উপজেলার নারায়ণপুর ও রঘুদেবপুর গ্রামে মানবেতর জীবন যাপন করছে।অথচ মাত্র দু’মাস আগেও তাদের ঘরবাড়ি ছিল। পূর্বপুরুষের ভিটামাটি পদ্মা গ্রাস করেছে। এখন তারা নিঃস্ব। জন্মের ভিটা বলতে শুধুই স্মৃতি। গত সোমবার মাহমুদপুর-রাধানগর-বিলাসপুর রাস্তার পাশে সরেজমিনে দেখা যায়, খালি জায়গায় ২০ থেকে ২৫টি পরিবার আশ্রয় নিয়েছে। তাঁরা জমির মালিকদের কাছ থেকে পত্তন নিয়ে কোনো রকমে ঘরবাড়ি তুলেছেন।পদ্মার তীরবর্তী উপজেলার নারায়ণপুর ও রঘুদেবপুর গ্রামের চিত্রও অনেকটা একই রকম। সেখানে গিয়ে দেখা যায়, সরকারি খাসজমিতে ৪০-৫০টি ঘরবাড়ি তোলা হয়েছে। সেখানে আশ্রয় নেওয়া শেখ রহিম বলেন, ‘চর ঝাউকান্দায় বাড়িঘর আছিল। পদ্মার বানে ভাসাইয় নিয়া গেছে। এই তো যে বাড়িঘর দেখছেন, এগো সবার বাড়িই পদ্মায় ভাঙছে। রাক্ষুইসা পদ্মা সব খাইছে।’আরও ২০-২৫ জন নারী-পুরুষ এসে হাজির হন। জলিল বেপারী, নয়ন বেপারী, মুরাদ সরকার, নজরুল, ইব্রাহীম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, স্থানীয় দখলদারদের বছরে দুই থেকে ১০ হাজার টাকা ভাড়া দেওয়ার শর্তে তারা সেখানে ঘর তুলেছেন। অথচ ওই জায়গা সরকারি।হাবীব মিয়া বলেন, ‘দিনভর শ্রম দিয়ে দু’মুঠো ভাত জোগাতে হিমশিম খাই। এর ওপর ভাড়া দিতে কি যে অবস্থা হয়, তা মালিকই জানেন।’রাজন নামের (৭০) এক বয়স্ক ব্যক্তি বলেন, ‘বাবারে যখন বান আইসা বাড়িঘর ভাইঙ্গা নিল, তহন না খাইয়া থাকছি, রোজার সময় কোনো রকম চিড়া খাইয়া সমুয় কাটাইচি। কেউ খবর নেয়নি।’ একাধিক ব্যক্তি বলেন, ভাঙনের এক মাস পর প্রতি পরিবারকে মাত্র ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। তাঁদের ঘরবাড়ি তুলতে সরকার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো সাহায্য পাননি তাঁরা। পদ্মার ভাঙনের শিকার এই মানুষগুলোর জরুরি ভিত্তিতে পুনর্বাসনের দাবি জানিয়েছে স্থানীয় বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন। ধ্রুবতারা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি সৈয়দ নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই মানুষগুলোর জরুরি পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসতে হবে।দোহা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি একলাল উদ্দিন বলেন, মানুষগুলো মানবতের জীবন যাপন করছে। ওদের খাসজমি বন্দোবস্ত দেওয়া হোক। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ দত্ত প্রথম আলোকে বলেন, নদীভাঙনের শিকার গৃহহীন পরিবারের সদস্যদের জন্য খাসজমি বন্দোবস্ত দেওয়ার সুযোগ আছে। খাসজমিতে থেকে ভাড়া দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান। এ ছাড়া আবেদন করলে তাঁদের ব্যাপারে সুব্যবস্থা নেওয়া হবে। তাঁদের পুনর্বাসনের বিষয়ে তিনি ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করারও আশ্বাস দেন।