নারায়ণগঞ্জ ভূমি কার্যালয়ে দুর্নীতি
নারায়ণগঞ্জ সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ে দুর্নীতির মাধ্যমে জমি নামজারি করার তথ্য পাওয়া গেছে। এখানে একই দলিল দুবার ব্যবহার করে দুই দফায় নামজারি করে দেওয়া হয়েছে। এ ছাড়া আরএস রেকর্ডে যাঁদের নাম নেই বা যাঁদের নামে আরএস নামজারি নেই, তাঁদের সম্পাদিত দলিলমূলেও জমির নামজারি করে দেওয়া হয়েছে।ভূমি কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আরএস রেকর্ড অনুযায়ী কারও জমির মালিকানা না থাকলে বা আরএস নামজারি না থাকলে কোনো ব্যক্তির নামে ভূমি নামজারি করার বিধান নেই।ওই কার্যালয় সূত্রে জানা যায়, শহরের দেওভোগ ম খণ্ড মৌজার আরএস ৪৫৩ নম্বর দাগ ও ১৬৫ খতিয়ানে মোট ৬ শতাংশ জমির মধ্যে মরণী বিবি পৌনে ১ শতাংশের মালিক। ১৯৮১ সালে মরণী জনৈক সিদ্দিকুর রহমানের স্ত্রী ফাতেমা বেগমের কাছে ১ শতাংশ জমি বিক্রি করেন (দলিল নম্বর ১৪৮০, তারিখ ২৭-২-৮১ইং)। ফাতেমার মৃত্যুর পর ২০১০ সালে তাঁর ওয়ারিশ সিদ্দিকুর রহমান, সায়মা রহমান ও বৃষ্টি রহমানের নামে দুই দফায় মোট ৩ শতাংশ জমি ভূমি কার্যালয় থেকে নামজারি করানো হয়। এ ক্ষেত্রে মরণীর কাছ থেকে কেনা ১ শতাংশের দলিলমূলে ফাতেমার ওয়ারিশেরা ১ শতাংশ জমি নামজারি করেন (১৫৭৯৩/২০০৯-১০, তারিখ ২২-৬-১০)।একই মৌজার আরএস ৪৫৩ দাগ ও ৩০৭ খতিয়ানে আনোয়ারা, সাহিদা, মমতাজ—এই তিনজনের নামে ৬ শতাংশ জমি রেকর্ড হয়। এই ৬ শতাংশ জমি থেকে ফাতেমার উক্ত ওয়ারিশেরা ২ শতাংশ নামজারি করিয়ে নেন। ভূমি কার্যালয় এই ২ শতাংশ জমি নামজারির ক্ষেত্রে মরণীর কাছ থেকে কেনা ওই ১ শতাংশ জমির দলিল দ্বিতীয়বার ব্যবহার করে। আর মীর সাখাওয়াত হোসেনের কাছ থেকে ১ শতাংশ ও সালেহার কাছ থেকে ২৫ অযুতাংশ ক্রয় দেখিয়ে ৩০৭ খতিয়ান থেকে নামজারি করান (নামজারি মোকদ্দমা ৮০০৪/২০০৯-১০)। অথচ আরএস ৪৫৩ দাগ ও ৩০৭ খতিয়ানে মীর সাখাওয়াত, সালেহা ও মরণী কোনো জমির মালিক নন। এ ছাড়া এই দাগ-খতিয়ানে তাঁদের কোনো জমি আরএস নামজারিও করা নেই। এভাবে বৃষ্টি, সিদ্দিকুর ও সায়মার নামে ৪৫৩ দাগের ১৬৫ ও ৩০৭ খতিয়ানে ৩ শতাংশ জমি নামজারি হয়। এরপর তাঁরা দ্রুত ওই দাগের শুধু ১৬৫ খতিয়ান থেকে ৩ শতাংশ জমি দুই দলিলে মো. সেলিমের কাছে বিক্রি করেন। পরবর্তী সময়ে ওই দুটি দলিলমূলে মো. সেলিমকে ওই দাগের ১৬৫ খতিয়ান থেকে ৩ শতাংশ জমি নামজারি করে দেওয়া হয় (মোকদ্দমা নম্বর ৫৫০-২০১০-১১, ৫০৮১/২০১০-১১)। ভূমি কার্যালয়ের ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা সুলতান আহমেদের প্রস্তাবনার ভিত্তিতে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) আইরিন পারভীন এই চারটি নামজারি অনুমোদন করেন।ভূমি কার্যালয়ের একটি সূত্র জানায়, আরএস রেকর্ডের সঙ্গে অসংগতিপূর্ণ এবং নিয়মবহির্ভূত এসব নামজারি কয়েক লাখ টাকার অবৈধ লেনদেন ছাড়া সম্ভব হয়নি।এ ব্যাপারে জানতে চাইলে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, ‘প্রয়োজনীয় নথিপত্র দেখতে ১০ দিন সময় লাগবে। এত দিনের ঘটনা আমার মনে নেই। নথি পরীক্ষা করে পরে জানানো হবে।’ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শরীফুল ইসলাম বলেন, একই দলিল দুবার ব্যবহার করা অথবা আরএস রেকর্ডে যাঁদের নাম নেই বা যাঁদের নামে আরএস নামজারি করা নেই, তাঁদের সম্পাদিত দলিলমূলে জমির নামজারি বিধিসম্মত হয়নি।