প্রক্রিয়াগত ভুলের কারণে তিস্তাচুক্তি হয়নি: মোরশেদ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান দাবি করেন, প্রক্রিয়াগত ভুলের কারণে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি হয়নি।গতকাল মঙ্গলবার নর্থ সাউথ ইউনিভার্সিটির এক সেমিনারে মোরশেদ খান এ দাবি করেন। তাঁর মতে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তন ঘটাতে হলে ভারতের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।একই সেমিনারে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী দাবি করেন, দুই প্রতিবেশীর সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন এসেছে বলেই আলোচনার প্রক্রিয়ায় ধরন পাল্টেছে। তিনি বলেন, দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে বেশ কিছু বিষয়ে সাফল্য এলেও লোকজন শুধু তিস্তার পানি বণ্টন চুক্তি সই না হওয়ার বিষয়টিকে বড় করে দেখছে।নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকীর সভাপতিত্বে পররাষ্ট্রনীতি ও সুশাসনবিষয়ক দুই পর্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রনীতি পর্বে মোরশেদ খান ও গওহর রিজভী বক্তৃতা করেন, আর সুশাসন পর্বে বক্তৃতা করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নীল ওয়াকার ও ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং। এ ছাড়া দুই পর্বের এ সেমিনারে এনএসইউয়ের চেয়ারম্যান মো. শাহজাহান এবং এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এম নাঈম হোসেন বক্তব্য দেন।ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি সই না হওয়ায় সরকারের কাজের পদ্ধতির সমালোচনা করেন বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান। তিনি বলেন, ‘মনমোহন সিংয়ের ঢাকায় আসার আগেই ভারতের পররাষ্ট্রসচিব দিল্লির গণমাধ্যমকে বলেছিলেন যে তিস্তাচুক্তি সই হচ্ছে না। এরপর বিস্মিত হয়েছি, যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি দাবি করছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি সই হবে, আর বাংলাদেশ ২৫ ভাগের বেশি পানি পাবে।’মোরশেদ খান বলেন, দিল্লি ও কলকাতায় বাংলাদেশ মিশন মনমোহনের সফর নিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সার্বক্ষণিক যোগসূত্র বজায় রাখতে পারেনি। ফলে শেষ মুহূর্তে কী ঘটতে যাচ্ছে, তা সরকারকে জানাতে ব্যর্থ হয়েছে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বলেন, ‘২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডেকে জানান, তিনি ভারতের সঙ্গে অমীমাংসিত সব বিষয়ের সমাধান চান। এরপর মোরশেদ খানসহ সাবেক মন্ত্রী, কূটনীতিকসহ বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে আলাপ শুরু করি। একপর্যায়ে আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে যে ভারতের প্রধান উদ্বেগের কারণ হিসেবে পাকিস্তানের জায়গাটি আমরা দখল করেছি।’ তিনি আরও বলেন, ‘এটাও লক্ষ করেছি, দুই দেশের সম্পর্কের অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকলেও ছোটখাটো বিষয়গুলোই বড় হয়ে উঠেছে। পাশাপাশি এ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি প্রধান বিষয় হচ্ছে ভারতবিরোধিতা। অবশ্য ভারতের সঙ্গে আলোচনা শুরুর পর দেখেছি, দুই দেশের মধ্যে এমন কোনো বিষয় নেই, যার সমাধান হতে পারে না।’গওহর রিজভীর মতে, দুই দেশের সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে। তিনি বলেন, গত বছরের জানুয়ারিতে দিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমীমাংসিত বিষয়গুলো আলাদা-আলাদাভাবে সুরাহার ব্যাপারে আমলাদের পরামর্শ শোনেননি। তিনি অমীমাংসিত বিষয়গুলো একসঙ্গে সমাধানের ওপর জোর দেন।