প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২৩ নভেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু বুধবার ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। একই সঙ্গে মাদ্রাসার প্রাথমিক স্তর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও অনুষ্ঠিত হবে।এই দুই পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫ জন। গত বছরের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে প্রায় দেড় লাখ। গত বছর দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ৮৮ হাজার ৩২৯ জন। তবে আলাদাভাবে ইবতেদায়িতে ১০ হাজার ৫৯৬ জন পরীক্ষার্থী কমেছে। এবার পরীক্ষার ফল গ্রেড পদ্ধতি প্রকাশ করা হবে।পরীক্ষা নেওয়ার প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আবদুর রউফ প্রথম আলোকে বলেন, পরীক্ষা গ্রহণের প্রস্তুতি পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করা হয়েছে। ছোটখাটো যেসব সমস্যা ছিল, সেগুলোও সমন্বয় করা হয়েছে। তিনি আরও বলেন, ‘জাতীয় পর্যায়ের অন্যান্য পরীক্ষার সঙ্গে মিল রাখার জন্য এবার থেকে এই পরীক্ষার ফলও গ্রেড পদ্ধতিতে প্রকাশ করা হবে।’এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৩ লাখ ১৬ হাজার ২২৩ জন এবং ইবতেদায়িতে তিন লাখ ২১ হাজার ১২ জন। গতবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২১ লাখ ৫৬ হাজার ৭২১। আর ইবতেদায়িতে ছিল তিন লাখ ৩১ হাজার ৬০৮ জন। বিদেশের আটটি কেন্দ্রসহ মোট ছয় হাজার ১৭৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার ফলের ভিত্তিতে প্রাথমিকের বৃত্তি দেওয়া হবে। পরীক্ষা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।