বিএনপির নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বআঁটি এলাকায় গতকাল সোমবার বিকেলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করে পুলিশের ওপর হামলা চালান।এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। ১২ মার্চের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি সফল করতে স্থানীয় বিএনপির ডাকা কর্মী সম্মেলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: সৈয়দ কামরুল হাসান, মো. মজিবর রহমান, মোখলেচুর রহমান, ফারুক হোসেন, আবদুর রহমান, উয়াসিম, আবদুল আলীম, আলমাস, আকবর আলী ও নূর মোহাম্মদ। উপজেলা বিএনপি ও পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দলীয় পদবির পরিচয় নিশ্চিত করা হয়নি।সাভার থানার পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে পূর্বআঁটি এলাকায় সাভার উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকারের বাগানবাড়িতে স্থানীয় বিএনপির কর্মী সম্মেলনের আয়োজন করে। বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ওই সম্মেলনে উপস্থিত হন। কিন্তু পুলিশের বাধার কারণে নেতা-কর্মীরা স্থান পরিবর্তন করে জামাল সরকারের বাড়িতে গিয়ে সম্মেলন করতে বাধ্য হন।সম্মেলন শেষে বিকেল সাড়ে চারটার দিকে নেতা-কর্মীরা মিছিল বের করলে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা বাধা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করেন। পুলিশ কঠোর হলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় পুলিশ নেতা-কর্মীদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে নেতা-কর্মী ও পুলিশের মধ্যে কয়েক দফা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।জানতে চাইলে সাভার উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকার জানান, কর্মী সম্মেলনসহ ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। তবে মিছিলে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তিনি নিশ্চিত করেন।গতকাল সোমবার রাত নয়টার দিকে যোগাযোগ করা হলে সাভার থানার উপপরিদর্শক আবুল হোসেন জানান, পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুরের ঘটনায় থানায় দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলায় গ্রেপ্তার হওয়া ১০ জনসহ বিএনপির আরও ৩০০ নেতা-কর্মীকে আসামি করা হবে। পুলিশ বাদী হয়ে ওই মামলা করছে।