বিদ্যুতের ‘মিসকলে’ অতিষ্ঠ কেরানীগঞ্জের বাসিন্দারা
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে উপজেলার বিভিন্ন শিল্পকারখানার উৎপাদন।স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে দিবাগত রাত আনুমানিক দুইটা পর্যন্ত উপজেলার কালিন্দী, জিনজিরা, রহমতপুর, রসুলপুর, মান্দাইল, হাউলী, মনু ব্যাপারীর ঢাল, নজরগঞ্জ, বড়িশুর, ডাকপাড়া, ছাঁটগাঁও এলাকাসহ বেশ কয়েকটি স্থানে কমপক্ষে ৫০ বার বিদ্যুৎ চলে যায়।জিনজিরার রহমতপুর এলাকার লাকী ফার্মেসির স্বত্বাধিকারী মো. মন্টু বলেন, ওই সময়ের মধ্যে ১০-১৫ মিনিট পর পর কমপক্ষে ৫০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করে। ওই এলাকার বাসিন্দা গৃহবধূ জবেদা বেগম বলেন, কয়েক দিন ধরে লোডশেডিংয়ের কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা রাতে ঘুমাতে পারেননি। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে টিভি, ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হওয়ার উপক্রম।জিনজিরা এলাকার বাসিন্দা আবদুস সালাম বলেন, ‘মঙ্গলবার রাতে এত ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করছিল, মনে হচ্ছিল যেন মুঠোফোনের মতো বিদ্যুৎ মিসকল দিচ্ছে।’লোডশেডিংয়ের কারণে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর, পূর্ব আগানগর, চর কালীগঞ্জ, কালীগঞ্জ বাজার ও খেজুরবাগ এলাকার গার্মেন্টস-পল্লিতে পোশাক উৎপাদন ব্যাহত হচ্ছে। ইস্পাহানী বাবর আলী মার্কেটের সৈকত প্যান্ট প্যালেসের ব্যবস্থাপক মো. রাসেল বলেন, তাঁর কারখানায় প্রতিদিন গড়ে ১৫০টি প্যান্ট তৈরি হয়। কিন্তু বেশ কিছুদিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বর্তমানে প্রতিদিন গড়ে ৫০-৬০টি প্যান্ট তৈরি হচ্ছে।কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সহসভাপতি মো. আমান বলেন, গার্মেন্টস-পল্লিতে প্রায় ১০ হাজার ছোট-বড় কারখানা রয়েছে। কয়েক দিন ধরে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এসব কারখানায় পোশাক উৎপাদন ব্যাহত হচ্ছে।ঘন ঘন লোডশেডিংয়ের কথা স্বীকার করে পল্লী বিদ্যুৎ সমিতি-২ জিনজিরা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রহমতে সোবহান বলেন, কেরানীগঞ্জে বিদ্যুতের মোট চাহিদা ৬৫ মেগাওয়াট। কিন্তু আমরা সরবরাহ পাচ্ছি ২৩-৪ মেগাওয়াট। দক্ষিণ কেরানীগঞ্জের চর গুলগুলিয়া গ্রামে নির্মাণাধীন ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র চালু হলে সমস্যা কিছুটা লাঘব হবে।