বিল পুনর্খনন না করে মাটি বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্পের মেয়াদ শেষ হয়ে এলেও ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের পাল্লী মৌজার সরকারি মালিকানাধীন ‘বেতলাই বিল’ পুনর্খননের কাজ শুরু করা হয়নি। বরং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ওই বিলের মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।ধামরাই উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যানিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প এলাকা এবং অন্যান্য জলাশয়ে সমন্বিত মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের (চতুর্থ পর্যায়) আওতায় চলতি অর্থবছরে মৎস্য অধিদপ্তর থেকে বেতলাই বিল পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের শর্তানুযায়ী বিলের অভ্যন্তরে ১৭ হাজার ৪৩ ঘনমিটার এলাকায় ১১ হাজার ১২ ঘনমিটার মাটি খননের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়। চুক্তি অনুযায়ী, ২০ জন পুরুষ শ্রমিক ৩ মে থেকে ৩১ মের মধ্যে ওই পরিমাণ মাটি খননের কাজ সম্পন্ন করার কথা। এ জন্য একেকজন শ্রমিক প্রতি ঘনমিটার মাটি খনন করে ৯১ দশমিক ১১ টাকা পারিশ্রমিক পাবেন। কিন্তু প্রকল্পের মেয়াদের ২০ দিন পার হয়ে গেলেও পুনর্খননের জন্য গতকাল বুধবার পর্যন্ত কোনো শ্রমিক নিয়োগ করা হয়নি।গত শুক্রবার সকালে বেতলাই বিলে গিয়ে মৎস্য অধিদপ্তরের দেওয়া একটি সাইনবোর্ড, একটি ভেকু (মাটি কাটার যন্ত্র) আর কয়েকটি ট্রাক ছাড়া কিছুই চোখে পড়েনি। ভেকু দিয়ে মাটি কেটে তা ট্রাকে করে ফেলা হচ্ছিল বিলসংলগ্ন ইটভাটায়। জানতে চাইলে মেসার্স এসবি ব্রিকস নামের অনুমোদনহীন ওই ইটভাটার ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, তাঁরা ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি সোহরাব হোসেন এবং কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুরবান আলীর কাছ থেকে প্রতি ঘনফুট মাটি দুই টাকা ৬৫ পয়সা দরে কিনছেন। এ পর্যন্ত প্রায় দুই লাখ টাকার মাটি কেটে নিয়েছেন।সরকারি জমি থেকে মাটি কেটে নেওয়ার কোনো অনুমতি আছে কি না, এমন প্রশ্ন করা হলে মিজানুর বলেন, অনুমতি না থাকলেও সরকারি দলের নেতারা জড়িত থাকায় তিনি মাটি কিনতে উৎসাহী হয়েছেন।জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ও যুবলীগের নেতা সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে আলোচনা করেই শ্রমিক দিয়ে মাটি না কেটে ইটভাটার কাছে বিক্রি করা হয়েছে।কুরবান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাটি বিক্রিতে জড়িত থাকার কথা স্বীকার করলেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি।মাটি বিক্রির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র মণ্ডল বলেন, সরকারি কর্মসূচি ছাড়া বিল থেকে মাটি কাটা হলে তা দেখার দায়িত্ব মৎস্য অধিদপ্তরের নয়। এটা দেখবেন স্থানীয় ভূমি কর্মকর্তারা।যোগাযোগ করা হলে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সহিদুজ্জামান বলেন, সরকারি বিল থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার সত্যতা পাওয়ার পর মাটি কাটা বন্ধ করা হয়েছে। ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করার সঙ্গে প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ার পরও ইটভাটাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘মাটি কাটা বন্ধ করে দেওয়ার মধ্য দিয়েই তো ব্যবস্থা নেওয়া হলো।’