ব্যবসায়ীদের কারসাজি নিয়ন্ত্রণে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে বিরূপ প্রভাব সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদের কারসাজি নিয়ন্ত্রণে গতকাল বুধবার সংসদে প্রতিযোগিতা বিল, ২০১২ উত্থাপিত হয়েছে। বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বিলটি উত্থাপন করেন। এরপর বিলটি ৩০ দিনের মধ্যে যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলের উদ্দেশ্য ও কারণ-সম্পর্কিত বিবৃতিতে মন্ত্রী বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে বাজারের গতি-প্রকৃতিতে নানা জটিলতা দেখা যাচ্ছে। কিছু প্রতিষ্ঠান বাজারের স্বাভাবিক গতিকে ব্যাহত করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা চালাচ্ছে। নষ্ট করছে প্রতিযোগিতার পরিবেশ। এতে ভোক্তাস্বার্থ বিঘ্নিত হচ্ছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলছে। বাণিজ্যমন্ত্রী বলেন, কয়েক বছর ধরে পণ্যের অযৌক্তিক দাম বাড়ার মূলে রয়েছে অসাধু ব্যবসায়ীদের কারসাজি। আইন না থাকলে বড় প্রতিষ্ঠানগুলো তাদের কর্তৃত্ব ধরে রাখার জন্য নতুন প্রতিষ্ঠানকে বাজারে প্রবেশে বাধা দিতে পারে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, দেশে প্রতিযোগিতা কমিশন থাকবে। একজন চেয়ারম্যান ও সর্বোচ্চ চারজন সদস্য নিয়ে কমিশন হবে। কমিশনের কাজ হবে প্রভাব বিস্তার দূর ও প্রতিযোগিতাকে উৎসাহিত করা। কমিশন প্রতিযোগিতাবিরোধী অপরাধের তদন্ত ও মামলা পরিচালনা করবে। কোনো অভিযোগের ভিত্তিতে অথবা স্বপ্রণোদিতভাবে কমিশন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিযোগিতাবিরোধী চুক্তি, কর্তৃত্বময় অবস্থান ও চেষ্টা তদন্ত করতে পারবে।ওই আইনে আরও বলা হয়েছে, প্রতারণা করে দাম নির্ধারণ করলে তা প্রতিযোগিতাবিরোধী বলে ধরা হবে। পণ্য উৎপাদন, সরবরাহ, কারিগরি উন্নয়ন, বিনিয়োগ বা সেবা নিয়ন্ত্রণ করলে তা আইনের বিরোধী হবে। কোনো ব্যক্তি পণ্য সরবরাহ, বিতরণ, গুদামজাত বা কোনো চুক্তি অথবা ষড়যন্ত্রমূলক যোগসাজশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিযোগিতামূলক বাজারে বিরূপ প্রভাব বিস্তার করলে তা প্রতিযোগিতাবিরোধী বলে গণ্য হবে। কোনো ব্যক্তি যুক্তিসংগত কারণ ব্যতীত আইনের শর্ত বা বিধিনিষেধ লঙ্ঘন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের জন্য কোনো ব্যক্তি সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।