মানিকগঞ্জে ফসলি জমি থেকে বালু-মাটি উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের কালীগঙ্গা নদীতীরবর্তী ফসলি জমি থেকে বালু ও মাটি উত্তোলনের প্রতিবাদে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গ্রামবাসী।ফসলি জমিকে বালুমহাল উল্লেখ করে তা ইজারা দেওয়ারও প্রতিবাদ জানিয়েছে ক্ষতিগ্রস্ত লোকজন। গতকাল বেলা ১১টার দিকে বেতিলা-মিতরা ইউনিয়নের সৈয়দপুর, আউটপাড়া ও বিপ্রবেতিলা গ্রামের কয়েক শ বাসিন্দা বিক্ষোভ মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে গিয়ে সমাবেশ করে।সমাবেশে এলাকাবাসী বলেন, কালীগঙ্গা নদীতীরবর্তী আউটপাড়া, সৈয়দপুর ও বিপ্রবেতিলা গ্রামে তাঁদের নিবন্ধন করা ফসলি জমিকে বালুমহাল উল্লেখ করে তা ইজারা দিয়েছে জেলা প্রশাসন। ইজারা পেয়ে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাশেম আলী ও তাঁর সহযোগীরা খননযন্ত্র বসিয়ে ফসলি জমি থেকে বালু-মাটি উত্তোলন করছেন। এতে নদীতীরবর্তী দুই পারের কয়েক শ ঘরবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।সমাবেশে এলাকাবাসী ওই স্থানের ইজারা বাতিল করার দাবি জানায়। এ ব্যাপারে হাশেম আলী বলেন, ‘আমরা তিন মাস আগে জেলা প্রশাসনের কাছ থেকে বালুমহালটি ইজারা নিয়েছি। সব নিয়ম-কানুন মেনেই বালু উত্তোলন করা হচ্ছে। আমরা অবৈধ কোনো কাজ করছি না।’বেতিলা-মিতরা ইউপি চেয়ারম্যান মো. নাছির উদ্দিন বলেন, ‘বিষয়টি সুরাহার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে এলাকার পাঁচ-সাতজনসহ আমি বৈঠক করেছি।’সদর ইউএনও এস এম মোস্তফা কামাল বলেন, ‘ইজারার স্থানটি সরকার-ঘোষিত। এলাকাবাসীর সমস্যার কথা চিন্তা করে এ ব্যাপারে তাদের জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে জানাতে বলেছি। জেলা প্রশাসন তাদের সমস্যার কথা বিবেচনা করবে।’