মুন্সিগঞ্জে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, অস্ত্র লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গতকাল রোববার পুলিশকে পিটিয়ে অপহরণ মামলার আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় লুট হয়েছে পুলিশের অস্ত্র ও গুলি। পুলিশ পরে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার করলেও গুলি উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় থানায় ২০ জনের নামে মামলা হয়েছে। পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।সিরাজদিখান থানার পুলিশ জানায়, একটি অপহরণ মামলায় সিরাজদিখানের চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী গ্রামের অখিল উদ্দিনের ছেলে আফিল উদ্দিনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে পরোয়ানা জারি হয়। গতকাল সকালে থানার এএসআই পরিমলের নেতৃত্বে পুলিশের চার সদস্যের একটি দল অভিযান চালিয়ে আসামি আফিল উদ্দিনকে গোয়ালখালী বাজার থেকে গ্রেপ্তার করে। তবে আফিল উদ্দিনকে থানায় নেওয়ার পথে আসামি পক্ষের ৩০-৪০ জন লাঠিসোঁটা ও রড নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। তাদের পিটুনিতে আহত হন এএসআই পরিমল, হাবিলদার গিয়াসউদ্দিন, কনস্টেবল গিয়াসউদ্দিন ও হূদয়। আক্রমণকারীরা একপর্যায়ে আসামি আফিল উদ্দিনকে ছিনিয়ে নিয়ে যায় এবং পুলিশের একটি চায়নিজ রাইফেল, একটি শটগান এবং ৩৫টি গুলি লুট করে। স্থানীয় লোকজন পুলিশের আহত সদস্যদের উদ্ধার করে কেরানীগঞ্জের রুহিতপুর হাসপাতালে ভর্তি করে। পরে তাঁদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।এ ঘটনার পর জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে গোয়ালখালী গ্রামে গতকাল দিনভর তল্লাশি চালায় পুলিশ। এ সময় মোস্তফা ও হাসান নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের লুট হওয়া অস্ত্র দুটির একটি গোয়ালখালী বাজারের একটি দোকান থেকে এবং অপরটি পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। তবে লুট হওয়া ৩৫টি গুলি উদ্ধার হয়নি।সিরাজদিখান থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই এবং অস্ত্র লুটের ঘটনায় পুলিশের এসআই আবদুস সালাম বাদী হয়ে ২০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলার দুই আসামি গ্রেপ্তার হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশকে যেভাবে পেটানো হয়েছে, এটা অমানবিক। লুট হয়ে যাওয়া অস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে। আসামি আফিল উদ্দিনকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে।