মুন্সিগঞ্জে যুবলীগ নেতার নেতৃত্বে হামলা, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সদর উপজেলার পাঁচঘড়িয়াকান্দি গ্রামের প্রতিপক্ষের লোকজনের ওপর গতকাল বুধবার রাতে হামলা চালিয়েছে যুবলীগের নেতার লোকজন। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে গুলিবিনিময়। ভাঙচুর করা হয় ১০-১২টি ঘরবাড়ি। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। সংঘর্ষের পর গ্রামে তল্লাশি চালিয়ে যুবলীগের নেতার ভাগনে শাওনকে (২২) চারটি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুন্সিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ও তাঁর লোকজন গতকাল রাত নয়টার দিকে প্রতিপক্ষ পাঁচঘড়িয়াকান্দি গ্রামের মনির শেখ, আমির শেখ ও সিরাজুল সরকার, আরমান সরকারের ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় প্রতিরোধ গড়ে তোলে মনির ও আমিরের লোকজন। দুই পক্ষের মধ্যে চলে গুলিবিনিময়। মনির, আমির, সিরাজুল ও আরমানসহ ১০-১২ জনের ঘরবাড়ি ভাঙচুর করে জাকিরের লোকজন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ চলার সময় পুলিশ অসহায় দর্শকের ভূমিকা পালন করে। প্রায় ঘণ্টাব্যাপী চলে সঘর্ষ। এ সময় মুহুর্মুুহু গুলিবর্ষণের ঘটনা ঘটে। গ্রামবাসী সূত্র জানায়, কয়েক মাস আগে পাঁচঘড়িয়াকান্দি এলাকার মনির হোসেন শেখের ছেলে সাগর শেখকে মারধর করে জাকিরের ভাই ও ভাগনেরা। এ ঘটনায় সাগরের চাচা লালন শেখ বাদী হয়ে জাকিরের ভাই আল আমিন, ভাগনে জিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় মামলা করেন। এ নিয়ে তাদের বিরোধ আরও তীব্র হয়। জাকির ওই মামলা তুলে নিতে বাদীপক্ষকে চাপ দেন। মামলা তুলে না নেওয়ায় জাকিরের লোকজন গতকাল রাতে ওই হামলা চালায় বলে গ্রামবাসী জানিয়েছে।এ প্রসঙ্গে যুবলীগের নেতা জাকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। মনির শেখ ও আমির শেখেরও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, গুলিবিনিময়ের খবর পেয়ে পুলিশের দুজন সদস্য সেখানে যান। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজনকে রামদা ও কুড়ালসহ গ্রেপ্তার করা হয়েছে। আরও গ্রেপ্তারে গ্রামে ব্যাপক তল্লাশি অভিযান চলছে।