রংপুর সিটি করপোরেশনের ঘোষণা এ মাসেই
চলতি নভেম্বর মাসেই রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা করা হচ্ছে। পৌরসভা ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে নতুন এই সিটি করপোরেশন গঠিত হবে।এ লক্ষ্যে রংপুর পৌর এলাকা সম্প্রসারণের গেজেট প্রকাশ, সে বিষয়ে জনগণের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির কাজও প্রায় শেষ করা হয়েছে।জানতে চাইলে স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, চলতি মাসের মধ্যেই রংপুর সিটি করপোরেশনের ঘোষণা দেওয়া হবে। ৩০ দিনের মধ্যে আপত্তি গ্রহণ করে পরবর্তী ১৫ দিনের মধ্যে সেই আপত্তি নিষ্পত্তির শুনানি শেষে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।সচিব বলেন, চূড়ান্ত গেজেট প্রকাশের পর তা নির্বাচন কমিশনকে জানানো হবে। গেজেট প্রকাশের পরবর্তী ১৮০ দিনের মধ্যে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।রংপুর সিটি করপোরেশনের প্রস্তাবিত আয়তন ধরা হয়েছে ২০৩ বর্গকিলোমিটার। তবে কারও আপত্তি থাকলে তা কিছুটা কম-বেশিও হতে পারে। রংপুর জেলার মোট আয়তন দুই হাজার ৩৭০ দশমিক ৪৫ বর্গকিলোমিটার।২০০৯ সালের অক্টোবরে রংপুরকে বিভাগ ঘোষণা করা হয়। তখন থেকেই সিটি করপোরেশন করার কথা বলা হচ্ছিল। সে কারণে সারা দেশে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হলেও রংপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টিতে নির্বাচন হয়নি। সিটি করপোরেশন প্রতিষ্ঠার জন্য গত ৩ অক্টোবর রংপুর পৌরসভার এলাকা সম্প্রসারণের গেজেট প্রকাশিত হয়। এরপর এ নিয়ে কারও আপত্তি আছে কি না, তা জানিয়ে জেলা প্রশাসকের পক্ষে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। রংপুরের জেলা প্রশাসক বি এম এনামুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁরা ২৫ নভেম্বরের মধ্যেই আপত্তি নিষ্পত্তির প্রতিবেদন দিতে পারবেন। তিনি বলেন, রংপুর পৌরসভা ও সদর উপজেলার ১০টি ইউনিয়নের ২০৩ বর্গকিলোমিটার এলাকা নিয়ে সম্প্রসারণের কাজ হচ্ছে।গাজীপুরের ঘোষণাও আসছে: গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার জন্য টঙ্গী পৌরসভার সঙ্গে পুবাইল ও গাছা ইউনিয়ন এবং গাজীপুর পৌরসভার সঙ্গে কাশিমপুর, কাউলতিয়া, বাসন ও কোনাবাড়ী ইউনিয়ন অন্তর্ভুক্ত করে শহর এলাকা ঘোষণার জন্য গেজেট প্রকাশ করা হয় গত ১৯ অক্টোবর। এর ৩০ দিনের মধ্যে আপত্তি এবং তারপর পরবর্তী ১৫ দিনের মধ্যে আপত্তি নিষ্পত্তি করে প্রস্তাব দেওয়ার জন্য গাজীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার সচিব বলেন, সম্প্রসারণের পর গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হবে। এ দুটি সিটি করপোরেশন হলে দেশে সিটি করপোরেশন হবে ১০টি।