লাল-সবুজের স্মৃতিসৌধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে সবুজ বেষ্টনীর মাঝে লাল ইটের স্মৃতিসৌধ চত্বর গতকাল আরও লাল-সবুজের বর্ণালীতে মনোরম হয়ে উঠেছিল। স্মৃতিসৌধে বিজয় উদ্যাপন করতে আসা মানুষের হাতে হাতে ছিল লাল-সবুজ পতাকা। কারও মাথায় পতাকা উঁচু করে বাঁধা, কারও কপালে লাল-সবুজের ব্যান্ড, আবার কোনো নারী-পুরুষের গালে অথবা বাহুতে তুলি দিয়ে আঁকা লাল-সবুজ পতাকা। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বিজয়ের ৪০ বছর পূর্তি উদ্যাপন করে অসংখ্য রাজনৈতিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠান। স্লোগান দিয়ে কিংবা দেশাত্মবোধক গান গাইতে গাইতে খণ্ড খণ্ড মিছিল এবং শোভাযাত্রা নিয়ে তারা স্মৃতিসৌধের প্রধান ফটক থেকে ধীরপায়ে মূল বেদির দিকে যায়। অনেক সাংস্কৃতিক সংগঠন আবার মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে তুলে ধরছিল নানা ধরনের প্রতিকৃতি বা ভ্রাম্যমাণ মঞ্চের অভিনয়ের মাধ্যমে। তেমনই এক ভ্রাম্যমাণ মঞ্চে দেখা গেল মাটির মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনাকে। তাঁর বাঁ পাশে মুক্তিযুদ্ধের শহীদদের সালাম জানাতে থাকা ছেলের বুকে ঝোলানো কাগজে লেখা, ‘আমি একাত্তরের মুক্তিযোদ্ধা, মায়ের ধর্ষণের বিচার চাই’। কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের শোভাযাত্রা থেকে আসা ঢাকের গুরুগম্ভীর শব্দ একাত্তরের বিজয়ের দিনটিকে মূর্ত করে তুলছিল নতুন প্রজন্মের সদস্যদের কাছে।বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন: যেসব সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল: বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সনাতন ধর্মীয় সম্মিলিত পরিষদ, মেডিকেল অ্যাসোসিয়েশন, গণমুক্তির গানের দল, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, জাতীয় শ্রমিক লীগ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক লীগ, জাতীয়তাবাদী কৃষক দল, শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মহানগর সর্বজনীন পূজা কমিটি, জাকের পার্টি, ইসলামিক ফাউন্ডেশন, সোনালী ব্যাংক প্রভৃতি।