শঙ্কার মুখে একটি মেধাবী জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি। উপজেলায় প্রথম। অষ্টম শ্রেণীতেও ট্যালেন্টপুলে বৃত্তি। জেলায় দ্বিতীয়। এবার এসএসসি পরীক্ষার্থী। নির্বাচনী পরীক্ষায় প্রথম।মেধাবী এই শিক্ষার্থীর এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়াটা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এমনকি তার গোটা জীবনই এখন শঙ্কার মধ্যে।ওই শিক্ষার্থীর নাম রুহুল আমিন। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনের ছাত্র।খোঁজ নিয়ে জানা যায়, রুহুল আমিনকে গত ২৯ নভেম্বর তার বাসায় প্রাইভেট পড়াতে যান একই বিদ্যালয়ের শিক্ষক মোমেন মিয়া। তিনি রুহুলকে দিয়ে বিদ্যালয়ের অন্য ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার খাতা দেখাচ্ছিলেন। এ সময় রুহুলের মা শিক্ষক মোমেনকে অনুরোধ করেন, প্রাইভেট পড়ানোর সময় তাঁর ছেলেকে দিয়ে যেন অন্য কাজ করানো না হয়।রুহুলের পরিবারের ভাষ্যমতে, রুহলের মায়ের এই কথায় ক্ষুব্ধ হয়ে শিক্ষক মোমেন রুহুলকে কিলঘুষি মারতে থাকেন। একপর্যায়ে দেয়ালের সঙ্গে তার মাথায় আঘাত লাগে। এতে প্রচণ্ড ব্যথা পেয়ে মাথা থেকে রক্ত ঝরলে সে জ্ঞান হারিয়ে ফেলে। অবস্থা বেগতিক দেখে শিক্ষক মোমেন মিয়া ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। পরে রুহুলের বাবা ছেলেকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে নিয়ে যান ঢাকার মহাখালীর মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে।ঢাকায় চিকিৎসার পর রুহুলকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু বাড়িতে আনার পর থেকে প্রতিদিন রাতে তার মাথা ও শরীরে প্রচণ্ড ব্যথা হয়। সে শব্দ, আলো কোনোভাবেই সহ্য করতে পারে না। তাই তাকে একটি কক্ষে দরজা-জানালা বন্ধ করে রাখা হয়েছে। এমনকি সে ঠিকমতো কথাও বলতে পারে না।যোগাযোগ করা হলে রুহুলের চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মওদুদুল হক বলেন, ‘মাথায় প্রচণ্ড ব্যথা ও প্রচুর রক্তক্ষরণের কারণে এমনটি হয়েছে। আমরা আশা করেছিলাম, ছেলেটি দ্রুত সুস্থ হয়ে উঠবে।’এদিকে একমাত্র সন্তান অসুস্থ হয়ে পড়ায় এবং তার পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন রুহুলের মা-বাবা। গত মঙ্গলবার রুহুলদের বাসায় গেলে তার বাবা নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সেবা সমন্বয়কারী কর্মকর্তা আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের ওপর জিদ করে শিক্ষক মোমেন মিয়া আমাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেছেন।’এ ব্যাপারে শিক্ষক মোমেন মিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অঙ্ক ভুল করায় আমি তাকে থাপ্পড় দিয়েছিলাম। ভুলক্রমে এমনটি হয়েছে। আমি কারও ওপর জিদ করে ছেলেটিকে মারিনি। তা ছাড়া ও লেখাপড়ায় ভালো হওয়ায় আমিও তাকে ভালোবাসি।’সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন বলেন, ‘বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে ছেলেটির ইংরেজিতে বক্তব্য দেওয়া শুনে আমি মুগ্ধ হয়েছিলাম। বিষয়টি তদন্ত করে অবশ্যই দায়ী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’