শিবালয়ে যমুনায় বেড়া দিয়ে মাছ শিকার
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে অবৈধভাবে বাঁশ পুঁতে জাল দিয়ে বেড়া তৈরি করে মাছ শিকার করা হচ্ছে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি এর সঙ্গে জড়িত।এভাবে মাছ শিকারের কারণে মাছের স্বাভাবিক প্রজনন ও অবাধ বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে, পাশাপাশি নৌচলাচলেও বিঘ্ন ঘটছে।শিবালয়ের তেওতা বাজারের পাশে ঠাকুরকান্দি এলাকায় গত মঙ্গলবার গিয়ে দেখা যায়, যমুনার পূর্ব প্রান্ত থেকে আড়াআড়িভাবে ৩৫০টির মতো বাঁশ পোঁতা হয়েছে। বাঁশের সঙ্গে কোনা, ইলিশ মারা, কারেন্ট জাল ও ঘনকোনা জাল পাতা হয়েছে। মাছ শিকারে ব্যস্ত পাবনার বেড়া উপজেলার শাইলপাড়া গ্রামের সুমন মণ্ডল (৩৫) জানালেন, ৩০০টির বেশি বাঁশ পুঁতে জাল দিয়ে অন্তত ১০ দিন ধরে মাছ শিকার করা হচ্ছে। তিনি দৈনিক ২০০ টাকার বিনিময়ে শ্রম দিচ্ছেন। সুমনের মতো আরও তিনজন মাছ শিকারের কাজ করছে। স্থানীয় তেওতা গ্রামের আবদুর রাজ্জাক তাদের মাছ ধরার কাজে লাগিয়েছেন।সুমন জানান, নদী থেকে আইড়, ইলিশ, কাতলা, জাটকাসহ বিভিন্ন জাতের ছোট মাছও ধরা হয়। এসব মাছ স্থানীয় বাজারসহ জেলার বিভিন্ন মাছের আড়তে পাঠানো হয়। এভাবে মাছ শিকারের জন্য কারও অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার জানা নেই।’ সুমন বিষয়টি মুঠোফোনে আবদুর রাজ্জাককে জানালে তিনি নদীতে আসেন।আবদুর রাজ্জাক স্থানীয়ভাবে প্রভাবশালী ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি জানান, ২৬ ফেব্রুয়ারি থেকে এভাবে মাছ শিকার করা হচ্ছে। এতে তাঁর প্রায় ৭০-৮০ হাজার টাকা খরচ হয়েছে। প্রথম দুই-তিন দিন চার থেকে পাঁচ হাজার টাকার মাছ পাওয়া যেত। দুই দিন ধরে ৭০০ থেকে ৮০০ টাকার বেশি মাছ পাওয়া যাচ্ছে না। নদীতে বাঁশ পুঁতে জাল দিয়ে মাছ ধরা অবৈধ কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এভাবে মাছ ধরা অবৈধ, সেটা জানি। কিন্তু কী করব, বলুন, পেটের দায়ে মাছ ধরা হচ্ছে।’স্থানীয় ব্যক্তিরা জানান, প্রায়ই এভাবে নদীতে বাঁশ পুঁতে জাল দিয়ে মাছ শিকার করা হয়। মাঝেমধ্যে মৎস্য বিভাগের লোকজন এসে এগুলো উঠিয়ে দেয়। কয়েক দিন পর আবার সেই আগের মতোই মাছ শিকার শুরু হয়।জেলা মৎস্য কর্মকর্তা কাজী শামস আফরোজ প্রথম আলোকে বলেন, ‘যমুনা নদীতে এভাবে মাছ শিকারের বিষয়টি আমার জানা নেই। নদীতে এভাবে বাঁশ পুঁতে জাল দিয়ে মাছ শিকার আইনত দণ্ডনীয় অপরাধ।’শামস আফরোজ জানান, ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে বলা হয়েছে, নদী বা কোনো প্রবহমান জলাশয়ে আড়াআড়িভাবে বাঁশ পুঁতে, বাঁধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ ধরা যাবে না। এ কাজে জড়িত থাকার প্রমাণ পেলে প্রথমবার ছয় মাসের কারাদণ্ডাদেশ ও এক হাজার টাকা জরিমানা এবং দ্বিতীয়বার একই অপরাধের জন্য এক বছরের কারাদণ্ডাদেশ ও দুই হাজার টাকা জরিমানার বিধান আছে।যোগাযোগ করা হলে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়কোবাদ খন্দকার প্রথম আলোকে বলেন, ‘যমুনা নদীতে বাঁশ পুঁতে বেড়া দিয়ে মাছ শিকারের বিষয়টি আমি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’