শুধু আপ্যায়ন খরচই সাড়ে ৪১ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৎকালীন রংপুর পৌরসভায় উন্নয়ন প্রকল্পের প্রায় আট কোটি টাকার কাজের মধ্যে সাড়ে ৪১ লাখ টাকা ব্যয় করা হয়েছে শুধু আপ্যায়ন বাবদ। সাবেক পৌর মেয়র ও পৌর কর্তৃপক্ষ আপ্যায়নের নামে ওই টাকার বড় একটি অংশ আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন সিটি করপোরেশনের বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ।সিটি করপোরেশন সূত্র জানায়, আপ্যায়ন বাবদ এই টাকা বিভিন্ন ব্যক্তির নামে উত্তোলন দেখানো হয়েছে। এর মধ্যে সাবেক সচিব মশিউর রহমানের নামে ২৯ লাখ ১৬ হাজার টাকা, উচ্চমান সহকারী মো. নুর আলমের নামে ছয় লাখ ৫৩ হাজার ৪৩০, নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেনের নামে দুই লাখ এক হাজার ৬০০, স্বাস্থ্য পরিদর্শক শোয়েব ইকবালের নামে এক লাখ ৮৬ হাজার ৭৭৫ ও কমিউনিটি বেজ সংগঠনের নামে এক লাখ ৯৩ হাজার ৬০০ টাকা উত্তোলন করা হয়েছে।২০১১ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে দ্বিতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পে সাত কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ অনুযায়ী সাবেক পৌর মেয়র নগরের ছয়টি সড়কের সংস্কার ও বস্তিবাসীর মান উন্নয়নে কাজ করেন। এ প্রকল্পের টাকার মধ্যে ওই বছর ১৮৩টি কমিউনিটি বেজ সংগঠনের পেছনে আপ্যায়ন বাবদ ৪১ লাখ ৫১ হাজার ৪০৫ টাকা খরচ দেখানো হয়েছে।যাঁদের নামে আপ্যায়নের টাকা তোলা হয়েছে, সেই চারজনের মধ্যে নুর আলম ও শোয়েব ইকবালকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সম্প্রতি সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ফেব্রুয়ারির শুরুর দিকে নতুন মেয়র শপথ নেন। এর আগেই মশিউর রহমানকে নীলফামারী পৌরসভায় বদলি করা হয়।অভিযোগ প্রসঙ্গে মশিউর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার নামে টাকা উত্তোলন করা হয়েছে ঠিকই, কিন্তু এসব টাকা নারীদের মান উন্নয়নে অপ্যায়ন বাবদ খরচ করা হয়েছে।’ এমদাদ হোসেন বলেন, ‘আপ্যায়নের বিষয়টি আমার দেখার বিষয় নয়। তবে এ প্রকল্পের বাকি টাকা সড়ক সংস্কারে ব্যয় করা হয়েছে।’সাবেক মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, সচেতনতামূলক কাজে এ টাকা অপ্যায়নে খরচ হয়েছে। তবে লুটপাট করার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।সরফুদ্দীন আহমেদ বলেন, ‘আমি শপথ নেওয়ার পর বিভিন্ন কাজ করতে গিয়ে এসব অনিয়ম-দুর্নীতির চিত্র দেখতে পাই। এ খাতে কমিউনিটি বেজ সংগঠনের নামে এক লাখ ৯৩ হাজার ৬০০ টাকা ব্যয় দেখানো হলেও এত বিপুল পরিমাণ টাকা কীভাবে অপ্যায়ন বিল হতে পারে? এ জন্য কয়েকজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’ আপ্যায়নের নামে এসব টাকা লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। পুরো বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) জানানো হয়েছে।