সরকার দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি অভিযোগ করেছে, সরকার দেশকে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে। চরম বিপর্যয় ঘটার আগেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে দলটি।গতকাল সোমবার বিএনপির সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে গুলশানের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আলোচনার কোনো সুযোগ নেই। এ বক্তব্যের মধ্য দিয়ে তাঁর অগণতান্ত্রিক স্বৈরাচারী মনোভাব প্রকাশিত হয়েছে। প্রমাণিত হয়েছে, প্রধানমন্ত্রী পরমতসহিষ্ণুতা, আলোচনা ও সমঝোতায় বিশ্বাস করেন না। তিনি অভিযোগ করেন, বিরোধী দলকে নির্মূল করার প্রকল্প নিয়ে মাঠে নেমেছে সরকার। তারা বিরোধী নেতৃত্বকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। এই অপচেষ্টা গণতন্ত্রের জন্য শুভ নয়।মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, টেলিভিশনের টক শোতে সবাই মিথ্যা কথা বলে। মূলত সমালোচনা শোনার ন্যূনতম সৎসাহস তাঁর নেই। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, বাস্তবতা উপলব্ধি করুন, বাস্তবতার মুখোমুখি হন। রাজনৈতিক প্রতিহিংসার পথ পরিহার করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। জনগণকে তাদের পছন্দমতো সরকার বেছে নিতে দিন। গণতান্ত্রিক সহনশীলতার পথে আসুন।’গত শনিবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই বাংলাদেশে নির্বাচন হবে এবং বিরোধীদলীয় নেত্রীও সেই নির্বাচনে আসবেন। রাজনীতি করতে হলে উনাকে নির্বাচনে আসতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে, হবে, হবেই।’ শেখ হাসিনার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির রাজনীতি করার সিদ্ধান্ত কি প্রধানমন্ত্রী দেবেন? প্রধানমন্ত্রীর গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট কি এটাই যে অন্য দলের রাজনীতি কী হবে, তা-ও বলে দিচ্ছেন।’ তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি কী হবে, তা বিএনপিই নির্ধারণ করবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ১৯৯৫ সালে বিএনপি যে যুক্তিতে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আপত্তি করেছিল, সেই যুক্তিতে এখন প্রধানমন্ত্রী আপত্তি করছেন। কিন্তু শেষ পর্যন্ত দেশের গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। পরপর তিনটি নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সবার কাছে নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়েছে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার যে অসংগতির কথা আওয়ামী লীগ বলছে, তার দায় কেবল তাদেরই।মির্জা ফখরুল দাবি করেন, দেশের বৃহত্তর স্বার্থে সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের নেতা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। দূরদৃষ্টির অভাবে রাজনৈতিক প্রতিহিংসায় অন্ধ হয়ে যাওয়ায় সেই সুযোগ গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।