সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে হকার উচ্ছেদ
ঢাকার সাভারের বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে ফুটপাতসহ সড়ক ও জনপথ বিভাগের জমি উদ্ধারে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। উচ্ছেদ অভিযানে অংশ নেন পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকেরা। এদিকে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আওয়ামী হকার্স লীগ ও বাংলাদেশ হকার্স লীগের ব্যানারে হকাররা বিক্ষোভ মিছিল করেছেন।বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে দোকানপাট বসিয়ে ফুটপাতসহ সওজের জমি দখল করে রেখেছিলেন হকাররা। বাংলাদেশ হকার্স লীগ ও আওয়ামী হকার্স লীগের কর্মকর্তারা এসব দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। গতকাল বুলডোজার দিয়ে দোকানগুলো ভেঙে দেওয়া হয়।সাভার উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীনের নেতৃত্বে একদল পুলিশ উচ্ছেদ অভিযান শুরু করে মহাসড়কের পশ্চিম পাশ থেকে। দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় দুই হাজার দোকান উচ্ছেদ করা হয়। এর আগে উচ্ছেদ অভিযান শুরুর পর পরই বাংলাদেশ হকার্স লীগ, আওয়ামী হকার্স লীগ ও হকার বহুমুখী সমবায় সমিতির কর্মকর্তাদের নেতৃত্বে হকাররা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে হকাররা পুনর্বাসন না করে তাঁদের উচ্ছেদ না করার দাবি জানান।আওয়ামী হকার্স লীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, কয়েক মাস আগে সাভার পৌরসভা থেকে ওসব জায়গা ইজারা দেওয়া হয়। ইজারাদারের কাছ থেকে মৌখিকভাবে বন্দোবস্ত নিয়ে হকাররা সেখানে ব্যবসা করে আসছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন জানান, জেলা প্রশাসনের নির্দেশে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সাভার অংশে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, বাসস্ট্যান্ড এলাকায় হেঁটে চলাচলের কোনো পরিবেশ ছিল না। ফুটপাতসহ মহাসড়ক পর্যন্ত দোকানপাট বিস্তৃত ছিল।