সাভারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আরও এক মামলা
রাজধানীর অদূরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের চুনারচর গ্রামে জোড়া খুনের ঘটনায় আরেক পক্ষের মামলাও নিয়েছে পুলিশ। এর আগে গত শুক্রবার রাতে এক পক্ষের মামলা রুজু করা হয়।জমিজমা নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মনির হোসেন (৩২) ও টুটুল (২৮) নামের দুই ব্যক্তি খুন হন। এ ঘটনায় নিহত মনিরের চাচা আবদুল মতিন বাদী হয়ে প্রতিপক্ষের ১১ জনকে আসামি করে মামলা করেন। এর এক দিন পর শনিবার মধ্যরাতে ১৩ জনকে আসামি করে মামলা করেন হিন্দু ভাকুর্তা গ্রামের আবু তালেবের স্ত্রী ছাইদুন্নেছা।সাভার থানার পুলিশ ও স্থানীয়রা জানান, দুটি মামলায় ২৪ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। এ কারণে মামলা রুজু হওয়ার পর থেকে উভয় পক্ষের আসামিসহ তাদের ঘনিষ্ঠজনেরাও গা ঢাকা দিয়েছেন। পুলিশ গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরিফুর রহমান ও গগনকে পুলিশের প্রহরায় রাখা হয়েছে।আবদুল মতিনের মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, আসামি আরিফ ও গগনের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। এ কারণে গতকাল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার না দেখিয়ে পুলিশের প্রহরায় রাখা হয়েছে।অপর দিকে ছাইদুন্নেছার দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শফিউল আলম জানান, মামলার পর থেকে আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালানো হচ্ছে। আবদুল মতিনকে গ্রেপ্তারের জন্য গতকাল সকালে সাভারের আড়াপাড়ার বাসায় অভিযান চালানো হয়। কিন্তু বাসায় না থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাভারের চুনারচর গ্রামে আবদুল মতিনের সঙ্গে জমি নিয়ে চাচাতো ভাই আবু তালেবের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত শুক্রবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আবদুল মতিনের ভাতিজা মনির হোসেন ও আবু তালেবের পক্ষের টুটুল মারা যান।