সিরাজদিখানে আ.লীগের সংঘর্ষে সম্মেলন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন গতকাল শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পণ্ড হয়ে গেছে। সংঘর্ষে দুই পক্ষের ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে বয়রাগাদী বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন একই কমিটির সাধারণ সম্পাদক নাজমুল আলম খান, সহসভাপতি এস এম সোহরাব হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রফিকুজ্জামান চৌধুরী, সিরাজদিখান যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ওবায়দুর রহমান খানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সম্মেলনে বয়রাগাদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলামসহ কয়েকজন নেতা ওয়ার্ড কমিটি গঠন সঠিক হয়নি বলে প্রশ্ন তোলেন। তাঁরা ওয়ার্ড কমিটি গঠনের অনুমোদন কপি দেখতে চান। এই নিয়ে বয়রাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আলাউদ্দিন গাজী ও তাঁর লোকজনের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে পণ্ড হয়ে যায় সম্মেলন।সংঘর্ষে বয়রাগাদী ইউনিয়ন ছাত্রলীগ নেতা রতন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সিরাজউদ্দিন তালুকদারসহ ১০ জন আহত হয়। এই ব্যাপারে দুই পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘ওয়ার্ড কমিটি গঠন সঠিক হয়নি বলে একপক্ষ অভিযোগ তুললে এই নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া লাগে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।’