সেই তিন আবাসন প্রকল্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার দক্ষিণপাড়া মৌজার সেই তিনটি আবাসন প্রকল্প বরাত নগর, ধানসিড়ি আবাসন ও আমিন মডেল টাউনের দখলে থাকা খালসহ প্রায় ২০ বিঘা অর্পিত ও খাসজমি এক বছরেও উদ্ধার হয়নি। জেলা প্রশাসক নির্দেশ না দেওয়ায় স্থানীয় প্রশাসন জমি উদ্ধারে কোনো ব্যবস্থা নিতে পারছে না। ধামরাই উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, দক্ষিণপাড়া মৌজায় ৬৩ বিঘা অর্পিত সম্পত্তিসহ কয়েক বিঘা খাসজমি রয়েছে। এর মধ্যে কিছু জমি এক বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। আর অধিকাংশ অর্পিত ও খাসজমি অবৈধ দখলদারের কবলে রয়েছে, যা জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্রও তৈরি করে নিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আমিন মডেল টাউন: ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের দক্ষিণপাড়া মৌজায় গড়ে উঠেছে ‘আমিন মডেল টাউন’ নামের একটি আবাসন প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রায় ২৪ একর জলাশয় ভরাট করে প্লট আকারে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে অর্পিত সম্পত্তি রয়েছে পাঁচ একরেরও বেশি।ধামরাই উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর আগস্ট মাসে প্রথম আলোয় ধামরাইয়ের তিনটি আবাসন প্রকল্প নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলা প্রশাসনের কাছে দেওয়া এক পত্রে আবাসন প্রকল্পগুলোর দখলে থাকা খাল, অর্পিত ও খাসজমি সম্পর্কে প্রতিবেদন চাওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বছর ২৫ আগস্ট ঢাকার জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হয়। ধামরাইয়ের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুর রহমানের দেওয়া ওই প্রতিবেদনে আমিন মডেল টাউনের ভেতরেই সাড়ে ১৭ বিঘা (৫.৬১ একর) অর্পিত সম্পত্তির অস্তিত্ব পাওয়ার কথা উল্লেখ করা হয়। এর মধ্যে ৩২৮ নম্বর খতিয়ানের ৬৮ নম্বর দাগেই ছিল প্রায় সাড়ে চার বিঘা (১৪০.৫ শতাংশ) অর্পিত সম্পত্তি। ধানসিড়ি আবাসন প্রকল্প: আমিন মডেল টাউনের পাশে ঢুলিভিটা-ধানতারা সড়কসংলগ্ন চার একর জমি নিয়ে ধানসিড়ি আবাসন প্রকল্প। দুই বিঘা পরিমাণ সরকারি খাল দখল করে সংলগ্ন জমিতে এই আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছে।ধামরাই উপজেলা প্রশাসনের তদন্তে এই আবাসন প্রকল্পটির মধ্যেও সরকারি খাল ভড়াট করে আবাসন প্রকল্প গড়ে তোলার কথা বলা হয়। বরাত নগর আবাসন: আমিন মডেল টাউন ও ধানসিড়ি আবাসিক প্রকল্পের পাশে ধামরাই থানাসংলগ্ন ১০ একর জমির ওপর গড়ে উঠেছে বরাত নগর আবাসন প্রকল্প। এই প্রকল্পের সব কটি প্লট কয়েক বছর আগেই বিক্রি হয়ে গেছে। ক্রেতারা সেখানে ভবন নির্মাণ করে বসবাসও করছেন। ধামরাই উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্র জানায়, বরাত নগরে ৫০ শতাংশ খাসজমি রয়েছে। বছর দেড়েক আগে দখলে থাকা ওই জমির বৈধ কাগজপত্র চেয়ে বরাত কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু বরাত কর্তৃপক্ষ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।ধামরাইয়ের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদা হোসেন জানান, তিনি ধামরাইয়ে যোগদান করেন গত বছর ডিসেম্বর মাসে। যোগদানের মাস দুয়েক পর ঢাকার জেলা প্রশাসক মো. মহিবুল হক তাঁর কাছে আমিন মডেল টাউনসহ তিনটি আবাসন প্রকল্প নিয়ে প্রতিবেদন চেয়ে পত্র দিয়েছিলেন। তখনো সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন পাঠানো হয়েছিল। ওই প্রতিবেদনে আমিন মডেল টাউনের ভেতরে বেশ কিছু অর্পিত সম্পত্তির অস্তিত্ব পাওয়ার কথা উল্লেখ করা হয়। এর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন জানতে চাইলে মাকসুদা হোসেন বলেন, প্রতিবেদন পাঠানোর পর জেলা প্রশাসকের পক্ষ থেকে কোনো নির্দেশনা না পাওয়ার কারণে আবাসন প্রকল্পগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণসহ অর্পিত ও সরকারি জমি উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। জেলা প্রশাসক মো. মহিবুল হক বলেন, উপজেলা প্রশাসন থেকে প্রতিবেদন পেয়ে সংশ্লিষ্ট আবাসন প্রকল্পগুলোর মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কিন্তু পুলিশের অসহযোগিতার কারণে আবাসন প্রকল্পগুলোর দখলে থাকা জমি উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর নানা ঝামেলার কারণে আর উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। তবে নতুন করে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।