স্বাস্থ্যসেবা বাণিজ্যিকীকরণ না করতে প্রধানমন্ত্রীর আহ্বান
ক্ষুদ্র স্বার্থের বশবর্তী হয়ে স্বাস্থ্যসেবাকে বাণিজ্যিকীকরণ না করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গ্রামে গিয়ে সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের অনুরোধ করেন।গতকাল শুক্রবার ঢাকার একটি অভিজাত হোটেলে চতুর্থ আন্তর্জাতিক কার্ডিওলজি ও কার্ডিয়াক সম্মেলনে প্রধানমন্ত্রী এই আহ্বান ও অনুরোধ জানান। বেসরকারি ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল ওই সম্মেলনের আয়োজন করে।প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘ক্ষুদ্র স্বার্থবাদিতার বশবর্তী থেকে স্বাস্থ্যসেবাকে কখনোই বাণিজ্যিকীকরণ করবেন না। সাধারণ মানুষও যাতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আমি বিশ্বাস করি, চিকিৎসকেরা তাঁদের সামাজিক দায়বদ্ধতার বিষয়ে যথেষ্ট সচেতন।’প্রধানমন্ত্রী সপ্তাহে অন্তত এক দিন চিকিৎসকদের নিজেদের গ্রামে গিয়ে বিনা মূল্যে সেবা দেওয়ার জন্য সব চিকিৎসকের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, ‘তাহলে অনেক দরিদ্র লোক বিশেষভাবে উপকৃত হবে। একটা দিন ঠিক করেন, যেদিন আপনারা শুধুমাত্র আপনার নিজের গ্রামের মানুষকে সেবা দেবেন।’ এ জন্য প্রয়োজনে সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক ব্যবহার করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, বিশ্বে হূদেরাগে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। উন্নত বিশ্বে এ হার বেশি, উন্নয়নশীল দেশেও এটি বড় স্বাস্থ্যসমস্যা। দক্ষিণ এশিয়ায় হূদেরাগ একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। প্রায় প্রতিটি পরিবারে হূদেরাগীর খোঁজ পাওয়া যায়। তিনি আরও বলেন, জাতীয় উৎপাদনশীলতা বাড়ানোর জন্য হূদেরাগের ঝুঁকি কমানো অত্যন্ত জরুরি। যথাযথ পরিচর্যা, নিয়মতান্ত্রিক জীবনযাপন, উন্নত চিকিৎসা ও হূদেরাগ সম্পর্কে সম্যক ধারণা দেওয়া ঝুঁকি কমানোর মূল উপায়। তিনি এ ঝুঁকি কমাতে সামাজিক সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।স্বাস্থ্যসেবাকে অন্যতম সাংবিধানিক অধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ অধিকার রক্ষা করা সবার দায়িত্ব। এ লক্ষ্যে তাঁর সরকার যথেষ্ট সফলতাও অর্জন করেছে। ১১ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করে গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের রোগীরাও এখন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারছে। এসএমএসের মাধ্যমেও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম প্রমুখ বক্তব্য দেন।