বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পর্ক আরও মজবুত করতে চায় ভারত: জয়সোয়াল

নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও থেকে

বাংলাদেশের সঙ্গে ভারতের যে বহুমুখী সম্পর্ক রয়েছে, তা শুধু বজায় রাখাই নয়, বরং আরও মজবুত করে সামনের দিকে এগিয়ে নিতে চায় নয়াদিল্লি। এ লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেন জয়সোয়াল। তিনি বলেন, ‘বাংলাদেশে একটি নতুন সরকার এসেছে। এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের লোকসভার স্পিকারকে সেখানে পাঠানো হয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী তাঁর মাধ্যমে নিজের একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, যেখানে এই সম্পর্ককে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই ভাবনার কথাও বলা হয়েছে।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ‘যথাসময়ে আপনারা এই সফরের বিষয়ে জানতে পারবেন।’

এ ছাড়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ‘অপারেশন সার্চলাইটের’ নামে পাকিস্তান সেনাবাহিনী যে ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল, সে প্রসঙ্গেও কথা বলেন রণধীর জয়সোয়াল। ওই গণহত্যার বিচার প্রশ্নে বাংলাদেশের দাবির প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান তিনি।

প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ‘১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তান যে ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল, সে বিষয়ে আমরা সবাই অবগত। এই গণহত্যার মধ্যে ছিল লাখ লাখ নিরীহ বাংলাদেশিকে সুপরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করে হত্যা এবং নারীদের ওপর ব্যাপক মাত্রায় যৌন সহিংসতা। এর ফলে লাখ লাখ বাংলাদেশি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিয়েছিলেন।’

এই ভয়াবহ নৃশংসতা গোটা বিশ্বের বিবেককে নাড়িয়ে দিয়েছিল উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘পাকিস্তান আজও তাদের এই অপরাধের কথা অস্বীকার করে যাচ্ছে। ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের দাবিকে আমরা সমর্থন করি।’