সমিতির নির্বাচন করবেন জানিয়ে পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ২৮ এপ্রিল পদত্যাগপত্র দিয়েছেন তিনি।
বিগত অন্তর্বর্তী সরকারের আমলে রেজাউল করিম খন্দকার আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। এর পর থেকে তিনি দায়িত্ব পালন করছিলেন।
রেজাউল করিম খন্দকার পদত্যাগের বিষয়টি জানিয়ে আজ রোববার প্রথম আলোকে বলেন, সমিতির নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবুজ প্যানেল থেকে তিনি প্রতিদ্বিন্দ্বতা করবেন।
ঢাকা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ‘সবুজ প্যানেল’ হিসেবে পরিচিতি পায়।
আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৬-২৭) দুই দিনব্যাপী নির্বাচন ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া দুই সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যক্তিগত কারণ দেখিয়ে ২ এপ্রিল পদত্যাগ করেন। তাঁরা হলেন মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।
অন্তর্বর্তী সরকারের আমলে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানের নিয়োগ বাতিল করে তাঁকে ওই দায়িত্ব থেকে ৬ এপ্রিল অব্যাহতি দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে একজন বিচারপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে বলে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সেদিন জানিয়েছেন।
দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের (এএজি) পদত্যাগপত্র ও একজনের নিয়োগ বাতিলের আগপর্যন্ত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এএজির সংখ্যা ছিল ২৩০। এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের আগপর্যন্ত অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ১০৩।