রাজশাহীতে ২৩ বছর কারাগারে থাকার পর হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর তিনি ২৩ বছর ৩ মাস কারাগারে ছিলেন। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছিলেন তিনি। কিন্তু ভয়াবহ অপরাধ করায় তাঁর সেই আবেদন বাতিল হয়ে গেছে। গতকাল বুধবার রাত ১০টা ১ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই আসামির নাম রাকিবর ওরফে আকিবর। রাকিবর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামের বাসিন্দা ছিলেন। গ্রেপ্তার হওয়ার সময় তাঁর বয়স ছিল ২৫ বছর। তিনি অবিবাহিত ছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ ২৩ বছর রাজশাহী কারাগারে বন্দী ছিলেন রাকিবর। আইনগত সব প্রক্রিয়া শেষে গতকাল রাতে তাঁর ফাঁসি কার্যকর করা হয়েছে।

কারাগার ও মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২ জুন সন্ধ্যার পর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে মোরশেদা খাতুন নামের এক তরুণীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মোরশেদার বাবা আবদুল জাব্বার বাদী হয়ে পরদিন গোদাগাড়ী থানায় মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০০৪ সালের ৮ আগস্ট এ মামলার রায় দেন আদালতের বিচারক।

রায়ে নিম্ন আদালত এই মামলার চার আসামির মধ্যে রাকিবরসহ দুজনকে মৃত্যুদণ্ড ও অপর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামিদের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ সময় উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলতে থাকে। তবে শেষ পর্যন্ত সবখানেই রাকিবরের ফাঁসির দণ্ড বহাল এবং মৃত্যুদণ্ড পাওয়া একজনের যাবজ্জীবন ও অপর দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে। এরপর আসামি রাকিবর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান। তবে সেই প্রাণভিক্ষার আবেদনও নাকচ হয়ে যায়।

ফাঁসি কার্যকরের সময় রাজশাহী বিভাগের কারা উপমহাপরিদর্শক অসীম কান্ত পাল, জেলা প্রশাসক আবদুল জলিল, সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রাত ১২টার দিকে লাশ রাকিবরের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তাঁর বড় ভাই কোরবান আলী লাশ গ্রহণ করেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর লাশ দাফন করা হয়।