আইইউবিএটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমবার সকালে রাজধানীর উত্তরা ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রব
ছবি: সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। সোমবার সকালে রাজধানীর উত্তরায় আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রব।

জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা হয়। এরপরে আইইউবিএটির প্রতিষ্ঠাতা এম আলিমউল্যা মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

বিকেলে বেলুন ও শান্তির প্রতীক সাদা কবুতর ওড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুর রব, কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস, রেজিস্টার মো. লুৎফর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহিদ হোসাইন, প্রকৌশল অনুষদের ডিন মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন মো. শহীদুল্লাহ মিয়া, ব্যবসায় অনুষদের ডীন মোজাফফর আলম চৌধুরীসহ অন্য অধ্যাপকেরা।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানে আরও আছে সেমিনার, ওয়ার্কশপ, ল্যাব প্রদর্শনী, ট্যালেন্ট হান্ট, অ্যালামনাই ডে, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন।

১৯৯১ সালে এম আলিমউল্যা মিয়ানের উদ্যোগে যাত্রা শুরু আইইউবিএটির। বর্তমানে উত্তরায় নিজস্ব ক্যাম্পাসে ছয়টি অনুষদে ১২টি প্রোগ্রাম চালু আছে। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আট হাজার শিক্ষার্থীর সঙ্গে এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের শতাধিক শিক্ষার্থীরাও নিয়মিত পড়াশোনা করছেন।