সাবেক এমপি গোলাপ ও সাবেক আইজিপি শহীদুলকে জিজ্ঞাসাবাদের অনুমতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি: প্রথম আলো

মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় মাদারীপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আবদুস সোবহান মিয়া গোলাপকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শুনানিতে প্রসিকিউশন বলেছে, গণ–অভ্যুত্থানের সময় মাদারীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা গুলি করলে অনেক আন্দোলনকারী হতাহতের শিকার হন। এই মামলায় আসামি গোলাপকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মেজর (অব.) জাহিদুল ইসলামকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি শহীদুল হককে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজকের শুনানিতে প্রসিকিউশন বলেছে, ২০১৬ সালের ২ সেপ্টেম্বর মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে জাহিদুল নিহত হন। তাঁকে জঙ্গি সাজিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁর স্ত্রী ও সন্তানকেও গুম করে রাখা হয়েছিল। এ ঘটনায় সাবেক আইজিপি শহীদুলকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

দুটি আবেদনই মঞ্জুর করে ট্রাইব্যুনাল আইন মেনে যেন যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, তার ওপর জোর দেন।