প্রথম আলো ফ্যাক্ট চেক
বাংলাদেশের পতাকা হাতে আর্জেন্টিনা-স্পেনের খেলোয়াড়দের ভিডিও-ছবি এআই দিয়ে তৈরি
বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ নেই, কিন্তু এই আসর ঘিরে উন্মাদনার কমতি নেই। আর্জেন্টিনা আর স্পেনের ফাইনালের আগে উত্তেজনার রেশ চলার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের পতাকা হাতে দুই দলের খেলোয়াড়দের ভিডিও ও ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, বাংলাদেশের প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়েরা কাঁধে লাল-সবুজের পতাকা জড়িয়ে উদ্যাপন করেছেন। তবে যাচাইয়ে দেখা গেছে, এর কোনো সত্যতা নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে ভিডিও ও ছবিগুলো।
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্পেন ফাইনালে ওঠার পর ‘ফাইনালে উঠেই বাংলাদেশের পতাকা কাঁধে! হৃদয় জয় করল স্পেন’ শিরোনামে ১০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে স্পেনের খেলোয়াড়দের বাংলাদেশের পতাকা হাতে মাঠে দৌড়াতে দেখা যায়, গ্যালারিতে থাকা সমর্থকদের হাতেও বাংলাদেশের পতাকা।
লিংক: এখানে
একই দাবিতে একটি ফটোকার্ডেও বলা হয়, স্পেনের খেলোয়াড়েরা বাংলাদেশি সমর্থকদের প্রতি ভালোবাসা জানিয়ে কাঁধে বাংলাদেশের পতাকা জড়িয়ে উদ্যাপন করেছেন। এই পোস্টে প্রতিক্রিয়া পড়েছে ১৩ হাজারের বেশি এবং শেয়ার হয়েছে অন্তত ১ হাজার বার।
লিংক: এখানে
১৫ জুলাই ১০ লাখ অনুসারী থাকা Nokol Rɑj (NR) নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৫ লাখ ৪৪ হাজার বার দেখা হয়েছে। এতে প্রায় ২৪ হাজার প্রতিক্রিয়া,প্রায় ৬ হাজার শেয়ার এবং ৮০০-এর বেশি মন্তব্য পড়েছে।
আবার ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর একই পেজ থেকে ১৬ জুলাই ‘ফাইনালে উঠেই বাংলাদেশের পতাকা কাঁধে, হৃদয় জয় করলো আর্জেন্টিনা!’ শিরোনামে আরেকটি ১০ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়।
লিংক: এখানে
এই ভিডিওতে আর্জেন্টিনার খেলোয়াড়দের বাংলাদেশের পতাকা হাতে নিয়ে উদ্যাপন করতে এবং গ্যালারিতে সমর্থকদের হাতে বাংলাদেশের পতাকা দেখা যায়।
একই সঙ্গে ‘ফাইনালে উঠেই বাংলাদেশের পতাকা হাতে আর্জেন্টিনা! হৃদয় জিতে নিল ফুটবলপ্রেমীদের’ শিরোনামে একটি ফটোকার্ডও প্রচার করা হয়, যেখানে লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দলের কয়েকজন খেলোয়াড়কে বাংলাদেশের পতাকা হাতে দেখানো হয়েছে। মেসির ছবিতে প্রায় চার হাজার প্রতিক্রিয়াও পাওয়া গেছে।
লিংক: এখানে
প্রতিবেদন লেখা পর্যন্ত আর্জেন্টিনার ভিডিওটি ১৬ লাখ বার দেখা হয়েছে। এতে ২২ হাজারের বেশি প্রতিক্রিয়া, ৩ হাজার ২০০-এর বেশি শেয়ার এবং ১ হাজার ৭০০ মন্তব্য পড়েছে।
যাচাইয়ে আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম, স্পেন বা আর্জেন্টিনা ফুটবল দলের অফিশিয়াল প্ল্যাটফর্ম কিংবা বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমে এমন ঘটনার তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ বাংলাদেশের পতাকা নিয়ে দুই দলের খেলোয়াড়দের উদ্যাপনের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।
দুটি ভিডিও পর্যবেক্ষণে একাধিক অসংগতি ধরা পড়ে। স্পেনের খেলোয়াড়দের উদ্যাপনের একটি দৃশ্যে দেখা যায়, একজনের জার্সিতে ১০ নম্বর থাকলেও শর্টসে ১৫ নম্বর লেখা, যা বাস্তবে একই খেলোয়াড়ের ক্ষেত্রে হওয়ার সুযোগ নেই। অন্যদিকে, আর্জেন্টিনার খেলোয়াড়দের উদ্যাপনের ভিডিওতে একটি ফ্রেমে একজন খেলোয়াড়ের হাতে কোনো পতাকা নেই, কিন্তু পরের মুহূর্তেই বাংলাদেশের পতাকা দেখা যায়- যা এআই-নির্মিত ভিডিওর সাধারণ ত্রুটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এ ছাড়া গ্যালারিতে থাকা দর্শকদের মুখাবয়ব, অঙ্গভঙ্গি ও নড়াচড়া স্বাভাবিক নয়। একই সঙ্গে খেলোয়াড়দের চলাফেরা এবং দৃশ্যের বিভিন্ন অংশেও এআই-তৈরি কনটেন্টের বৈশিষ্ট্য স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।
অধিকতর যাচাইয়ের জন্য ভিডিও ও ছবিগুলো এআই কনটেন্ট শনাক্তকারী একাধিক টুলে বিশ্লেষণ করা হয়। তাতে এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ফলাফল আসে।
পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওগুলো যে ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে, সেখান থেকে এর আগেও বিশ্বকাপ ফুটবল নিয়ে একাধিক ভিত্তিহীন দাবি প্রচার করেছে। এর মধ্যে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের নামে ‘আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি। তাই এখন আমার একটাই চাওয়া-লিওনেল মেসি যেন তাঁর দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয়। আমি তাঁর দীর্ঘদিনের একজন বড় ভক্ত।’—এমন একটি মন্তব্যও ছিল।
লিংক: এখানে
পরবর্তী যাচাইয়ে নিশ্চিত হওয়া যায়, এমবাপ্পে কখনোই এমন মন্তব্য করেননি, নির্ভরযোগ্য কোনো সূত্র ছাড়াই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল।