প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘বিজনেস ফেস্ট ২০২২’ অনুষ্ঠিত
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে বিজনেস ক্লাব বিজবক্সের উদ্যোগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ‘বিজনেস ফেস্ট-২০২২’। বেলা ১১টায় ফিতা কেটে আয়োজনের উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবুল লাইস এম এস হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির পরামর্শক মেজর জেনারেল (অব.) কাজী আশফাক আহমেদ, রেজিস্ট্রার মো. রহুল আমিন, স্কুল অব বিজনেসের চেয়ারম্যান মো. মুজাক্কেরুল হুদা, অ্যাডমিশন অ্যান্ড প্রমোশন বিভাগের প্রধান মো. আব্দুল গাফফার, অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস বিভাগের প্রধান মঞ্জুরুল হক খান, সহকারী অধ্যাপক নাজিয়া আক্তার, প্রভাষক মারভিন রাজী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে দেশের উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।
দিনব্যাপী এই জমকালো অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের গান, নাচ, র্যাম্প শো, কনসার্ট এবং নতুন উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের পিঠাপুলি, কসমেটিকস, জুসবার, হস্তশিল্প এবং জনপ্রিয় অনলাইন বুটিকস ‘অরিত্রি’র স্টল দিয়ে সাজানো হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বিবিএ প্রোগ্রামের সাবেক শিক্ষার্থী রাজনের মনমাতানো গান এবং রিভোল্ট ব্যান্ডের কনসার্ট। এরপর নকশিকাঁথা ব্যান্ডের ভোকালিস্ট সাজিদ ফাতেমির মনোমুগ্ধকর লোকসংগীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়। প্রাণচাঞ্চল্যকর বিজনেস ফেস্টে ইউনিভার্সিটি সব শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজকদের প্রশংসা করে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট ও অন্যান্য উপহার তুলে দেন উপাচার্য।