গোপন তথ্য চাইলেই রাষ্ট্র দিতে পারে না: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সব দেশেরই রাষ্ট্রীয় গোপনীয়তা আছে, সেই গোপন তথ্য চাইলেই রাষ্ট্র দিতে পারে না।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য কমিশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ মিলনায়তনে এ সভা হয়। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্যমন্ত্রী বলেন, মানুষের ব্যক্তিগত গোপনীয়তাও সব দেশের মতো আমাদের দেশেও আইন দ্বারা সুরক্ষিত। অনেক সময় দেখা যায়, সে ধরনের তথ্যের জন্য নানা চাতুরির আশ্রয় বা ভিন্ন পন্থা অবলম্বন করা হয়, সেটি কোনোভাবেই সমীচীন নয়।
এ বছর তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য ছিল ‘তথ্যপ্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা’। আজকের সভায় সভাপতিত্ব করেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম। বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচারসচিব মো. মকবুল হোসেন এবং তথ্য কমিশনার আবদুল মালেক সভায় বক্তব্য দেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকার যে বহুমাত্রিক গণতান্ত্রিক সমাজ নির্মাণ করছে, জনগণের তথ্য অধিকার সেই সমাজের ভিতকে মজবুত করবে। সরকার তথ্য অধিকার নিশ্চিত করেছে, পাশাপাশি দায়িত্বশীলতার দিকেও সবাইকে সচেতন থাকতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর আইন প্রণয়ন করে তথ্য কমিশন গঠনের মাধ্যমে জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করার এক যুগান্তকারী পদক্ষেপ নেন। তথ্যের অবাধ প্রবাহে জনগণ এবং সরকারের সংযোগের মাধ্যমে জনগণের উপকারই এ কমিশন গঠনের লক্ষ্য।’
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ই-গভর্ন্যান্সের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতাও আমাদের সরকারই এনেছে। যেমন ই-টেন্ডারিং হওয়ার আগে টেন্ডার বক্স ছিনতাই হতো, টেন্ডার ফেলার জন্য আশপাশে পাহারা বসানো হতো, অনেক সময় সংঘর্ষ হতো—এ রকম বহু ঘটনা হয়েছে। গত কয়েক বছর এমন হয়নি। সরকারের কোনো নীতিমালা প্রণয়নের আগে খসড়াটি সবার মতামতের জন্য সময় নির্দিষ্ট করে ওয়েবসাইটে দেওয়া হয়। কেউ যদি সময়ের মধ্যে মতামত না দিয়েই বলেন মতামত নেওয়া হয়নি, সেটিও কাম্য নয়। সরকারের এসব স্বচ্ছতাই প্রশংসার দাবিদার।’ হাছান মাহমুদ বলেন, ‘গণমাধ্যমের বিকাশের মধ্য দিয়ে তথ্য পাওয়া, সংবাদ পাওয়া, দেশের কাজে জনগণের অংশগ্রহণ—এগুলো বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে আমাদের অধিকার যেমন আছে, একই সঙ্গে দায়িত্বশীলতাও থাকতে হবে।’
উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, একজন এমপির বিরুদ্ধে একটি ভুল সংবাদ পরিবেশন করায় বিবিসির মতো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী থেকে শুরু করে সবাইকে পদত্যাগ করতে হয়েছে। ১৬৭ বছরের পুরোনো পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড একটি ভুল সংবাদের কারণে মিলিয়ন মিলিয়ন ডলার জরিমানা দিতে অসমর্থ হয়ে ২০১১ সালে বন্ধ হয়।