ছয় বছরে ৩৪৮৭ শিশু ধর্ষণের শিকার

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)

২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে ছয় বছরে ৩ হাজার ৪৮৭ শিশু ধর্ষণের শিকার হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় নিহত হয়েছে ২ হাজার ৫৯৮ শিশু এবং আহত হয়েছে ১১ হাজার ৪৫৮ শিশু। এ ছাড়া এই সময়ে শিশুদের যৌন হয়রানির ১ হাজার ২৫৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আজ শনিবার রাতে প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠায় সংগঠনটি।

এইচআরএসএসের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত দেশে মোট ধর্ষণের ঘটনা ছিল ৬ হাজার ১৫৩টি। এর মধ্যে শিশুধর্ষণের ঘটনা ৩ হাজার ৪৮৭টি। এর মধ্যে বছরভিত্তিক হিসাবে, ২০২১ সালে ১ হাজার ৪৭ শিশু, ২০২২ সালে ৭৩২, ২০২৩ সালে ৫৫৮, ২০২৪ সালে ২৮৪, ২০২৫ সালে ৪৭৪ এবং ২০২৬ সালের এখন পর্যন্ত ৩৯২ শিশু ধর্ষণের শিকার হয়েছে।

একই সময়ে দেশে মোট ৬ হাজার ১৫৩টি ধর্ষণের ঘটনা ঘটে বলে জানানো হয় প্রতিবেদনে। মোট ঘটনার বছরভিত্তিক হিসাবে, ২০২১ সালে ১৮৩৩, ২০২২ সালে ১২৮৪, ২০১৩ সালে ৯৯৩, ২০২৪ সালে ৫৫৮, ২০২৫ সালে ৮২৮ এবং ২০২৬ সালে এখন পর্যন্ত ৬৫৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে।

শিশুদের যৌন হয়রানির ঘটনা ছয় বছরে মোট ১ হাজার ২৫৫টি বলে উঠে এসেছে এইচআরএসএসের প্রতিবেদনে। এর মধ্যে ২০২১ সালে ২৩৫টি, ২০২২ সালে ২৫২টি, ২০২৩ সালে ২২৬টি, ২০২৪ সালে ১৩০টি, ২০২৫ সালে ২৩৬টি এবং ২০২৬ সালে ২৭৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এ ছাড়া ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ধর্ষণের শিকার হওয়ার পর ১৩১ শিশু হত্যার শিকার হয় বলে উল্লেখ করেছে সংগঠনটি।

পরিসংখ্যান বলছে, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত শিশু নির্যাতনের মোট ঘটনা ছিল ৮ হাজার ৭২৫টি। এ সময়ে নিহত শিশুদের সংখ্যা ২ হাজার ৫৯৮। বছরভিত্তিক হিসাবে, ২০২১ সালে ২৫১, ২০২২ সালে ৩৭২, ২০২৩ সালে ৫২৯, ২০২৪ সালে ৬৬৪, ২০২৫ সালে ২৮৮ এবং ২০২৬ সালে ৪৯৪ শিশু নিহত হয়েছে।

একই সময়ে আহত হয়েছে ১১ হাজার ৪৫৮ শিশু।

এর মধ্যে ২০২১ সালে ১ হাজার ৭৫২, ২০২২ সালে ১ হাজার ২৩২, ২০২৩ সালে ১ হাজার ৬৫২, ২০২৪ সালে ৪ হাজার ৩৭৮, ২০২৫ সালে ১ হাজার ৮৩ এবং ২০২৬ সালে ১ হাজার ৩৬১ শিশু আহত হয়েছে।