ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী
চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং কয়েক ঘণ্টার জন্য ঢাকায় যাত্রাবিরতি করছেন। সোমবার দিবাগত রাত ১টা ৫৮ মিনিটে তাঁকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ছিন গ্যাংকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এরপর দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একটি বৈঠক শুরু হয়।
ইথিওপিয়াসহ আফ্রিকার পাঁচ দেশ সফরে যাওয়ার পথে চীনের পররাষ্ট্রমন্ত্রী এই যাত্রাবিরতি করছেন। ছিন গ্যাংকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
যুক্তরাষ্ট্রে চীনের সাবেক রাষ্ট্রদূত ছিন গ্যাং সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে জানান, আফ্রিকার পাঁচ দেশ ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন ও মিসর সফরে যাচ্ছেন ছিন গ্যাং। ১৬ জানুয়ারি পর্যন্ত তিনি এই পাঁচ দেশ সফর করবেন।
প্রসঙ্গত, চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উয়ি ২০১৭ সালের জানুয়ারিতে আফ্রিকা যাওয়ার পথে ঢাকায় কয়েক ঘণ্টার যাত্রাবিরতি করেছিলেন। সেবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। ২০১৬ সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঐতিহাসিক সফরের পর সেবার ঢাকায় যাত্রাবিরতি করেছিলেন চীনের তখনকার পররাষ্ট্রমন্ত্রী। ওই সময় চীনের প্রেসিডেন্টের সফরে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে তিনি তখনকার পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা করেছিলেন।