দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের হাইকমিশনারের

নয়াদিল্লিতে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়ছবি: এস জয়শঙ্করের এক্স পোস্ট থেকে

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। জয়শঙ্কর রোববার তাঁর এক্স হ্যান্ডলারে এক পোস্টে এ তথ্য জানান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলারে লিখেছেন, ‘বিদায়ী সাক্ষাৎকারে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে অভ্যর্থনা জানাতে পেরে আমি আনন্দিত। তাঁর অবদানের (দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে) প্রশংসা করছি এবং তাঁর ভবিষ্যৎ কর্মপ্রয়াসের সাফল্য কামনা করি।’

পরে এস জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ নিয়ে রিয়াজ হামিদুল্লাহ তাঁর এক্স হ্যান্ডলারে লিখেছেন, ‘বাংলাদেশের দূত হিসেবে ভারতে ১৮ মাসের দায়িত্ব পালনের সময়, দুই দেশের অভিন্ন স্বার্থে পারস্পরিক বিশ্বাস, মর্যাদা ও সুবিধার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে দীর্ঘ মেয়াদে টিকিয়ে রাখার লক্ষ্যে নীরবে স্থিতিশীল ও সুদৃঢ় করার চেষ্টা করেছি।’

দিল্লিতে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার লিখেছেন, ‘কূটনীতির প্রথাগত পথ না হেঁটে, মানুষের হৃৎস্পন্দন স্পর্শ করার চেষ্টা চালিয়েছি।’