আর্মি এভিয়েশন গ্রুপের বিমানবহরে যুক্ত হলো নতুন সামরিক বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ মিডিয়াম ইউটিলিটি সামরিক বিমানের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
ছবি: আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমানবহরে যুক্ত হয়েছে দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ মিডিয়াম ইউটিলিটি সামরিক বিমান। এ উপলক্ষে রোববার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে আসিস বেনিতেজ সালাস, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানবাহিনী, বিজিবি, র‌্যাব কর্মকর্তা ও অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। স্পেনে নির্মিত বিমানটি রোববার দুপুরে বাংলাদেশের ভূমি স্পর্শ করে। এ সময় ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে সামরিক বিমানটিকে অভ্যর্থনা জানানো হয়।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রীর যুগান্তকারী দিকনির্দেশনা ও বিশেষ আগ্রহের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন সেনাপ্রধান। জাতির আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তিনি।

দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ মিডিয়াম ইউটিলিটি বিমান যুক্ত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেল। বিমানটি যুদ্ধক্ষেত্রে ছত্রীসেনা অবতরণ, এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত সেনা স্থানান্তর, আকাশ থেকে পর্যবেক্ষণ, কার্গো পরিবহন, ভিআইপি মিশন ছাড়াও বিপুলসংখ্যক জরুরি রোগী পরিবহনের জন্য ব্যবহার করা হবে। বিমানটি দেশের প্রাকৃতিক দুর্যোগের সময় প্রয়োজনীয় ত্রাণ ও ওষুধসামগ্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।