বাঁশখালীতে তিন দিন আগে নিখোঁজ শিশুর লাশ ভাসছিল পুকুরে
চট্টগ্রামের বাঁশখালীতে তিন দিন আগে হারিয়ে যাওয়া পাঁচ বছরের শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ তাহমিদ। সে মো. নুরুল আলমের ছেলে।
নিহত শিশুর পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে তাহমিদ নিখোঁজ হয়। তাকে গত বুধবার পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজ করেও পরিবারের লোকজন পাননি। সবশেষ আজ ভোরে ওই শিশুর ভাসমান লাশ ঘরের পাশে পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুর চাচা ও স্কুলশিক্ষক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘তিন দিন ধরে তাহমিদকে খুঁজে বেড়াচ্ছি আমরা। সবশেষ পুকুরে পেলাম তার লাশ। কিছুতেই বুঝতে পারছি না, কীভাবে এমন হলো।’
বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) পিয়ার আলী বলেন, ‘আমরা নিহত শিশুর পরিবারের লোকজনের উপস্থিতিতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’