পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামের বাজারগুলোতে মাংসের চাহিদা কমেছে। চাহিদা কম থাকায় কমতে শুরু করেছে দামও। চলতি সপ্তাহে গরু, খাসি ও মুরগির মাংসের দাম কেজিপ্রতি ১৫ থেকে ১০০ টাকা কমেছে। তবে মাংসের দাম কমায় মাছের চাহিদা আর দাম—দুটোই বেড়েছে।
গতকাল শুক্রবার নগরের বহদ্দারহাট বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে হাজার টাকার আশপাশে বিক্রি হওয়া হাড়ছাড়া গরুর মাংস এদিন বিক্রি হয়েছে ৯৫০ টাকা কেজি। এ ছাড়া গত সপ্তাহে এক কেজি খাসির মাংসের দাম যেখানে ছিল ১ হাজার ৫০ টাকা, সেটা বিক্রি হচ্ছিল ৯৫০ টাকায়।
ব্রয়লার মুরগির দামও কমেছে কেজিপ্রতি ১৫ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল ১৭০ থেকে ১৭৫ টাকা কেজি দরে। এ ছাড়া প্রায় ২০ টাকা কমে সোনালি মুরগির দাম হয়েছে ২৭০ থেকে ২৮০ টাকা।
ক্রেতারা বলছেন, আর কিছুদিন পরই পবিত্র ঈদুল আজহা। এ কারণে বাজারে মাংসের চাহিদা কম। তাই গত সপ্তাহ থেকে বাজারে মাংসের দাম কমতে শুরু করেছে বলে জানান ক্রেতারা।
বাজারে মুরগি কিনতে এসেছিলেন ব্যাংক কর্মকর্তা মো. সাজ্জাদ। তিনি বলেন, ঈদের আগে মাংস খাওয়া কিছুটা কমেছে। ব্রয়লারের দাম কম হওয়ায় মাঝারি আকারের দুটো মুরগি কিনেছেন তিনি।
গতকাল সকাল থেকে চট্টগ্রাম নগরে থেমে থেমে মৃদু বৃষ্টি হয়েছে। তাই সকালে ক্রেতাদের তেমন ভিড় ছিল না বাজারে। এরপরও ছাতা হাতে অনেককেই বাজারে দেখা যায়। বেশির ভাগ ক্রেতা দেখা যায় মাছের বাজারে। তবে দাম বাড়ায় অধিকাংশ ক্রেতা পরিমাণে কম মাছ কিনছেন।
গত সপ্তাহে ২৬০ থেকে ৩২০ টাকায় বিক্রি হয়েছে মাঝারি আকারের রুই-কাতলা। এদিন মাঝারি আকারের রুই-কাতলা বিক্রি হয় প্রতি কেজি ২৮০ থেকে ৩৩০ টাকায়। একই সঙ্গে আকারভেদে তেলাপিয়ার দামও বাজারে অন্তত ২০ টাকা বেড়েছে।
আকারভেদে তেলাপিয়া বিক্রি হয় ২২০ থেকে ২৮০ টাকা কেজি। এ ছাড়া পাঙাশ প্রতি কেজি ১৫০, শিং ৬০০ থেকে ৬৫০, আকারভেদে রূপচাঁদা ৪৫০ থেকে ৭৫০ ও লইট্টা মাছ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হয়।
বহদ্দারহাট বাজারে মাছ কিনতে আসা স্থানীয় এক বাসিন্দা বোরহার উদ্দিন বলেন, গত সপ্তাহে মাঝারি আকারের তেলাপিয়ার দাম ছিল প্রতি কেজি ২০০ টাকার কম। গতকাল দাম চাওয়া হয় ২২০ টাকা।
বহদ্দারহাট কাঁচাবাজারের মাছ বিক্রেতা ইয়াকুব আলী সওদাগর বলেন, সাগরে মাছ ধরা বন্ধ ১৯ তারিখ থেকে। এ জন্য মাছের সরবরাহ কিছুটা কম। মাছ ধরা শুরু হলে দাম আবারও কমে যাবে।