বিজয় দিবসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস (শুক্রবার) উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওই এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কুচকাওয়াজে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্যান্য যানবাহনকে ওই দিন ভোর সাড়ে পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত বিকল্প সড়কে চলাচলের জন্য বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়া অন্যরা সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট, খেজুরবাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং এবং রোকেয়া সরণি হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত সড়ক ব্যবহার করতে পারবেন না। শ্যামলী, শিশুমেলা ক্রসিং এবং ৬০ ফুট হয়ে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত, মহাখালী, জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত, তেজগাঁও শিল্পাঞ্চলের লাভ রোডের পূর্ব মাথা, বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত সড়ক ব্যবহার করা যাবে না।
মহান বিজয় দিবসের ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর সাড়ে চারটা থেকে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা সাভার স্মৃতিসৌধে যাতায়াত করবেন। এ উপলক্ষে ১৫ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাস–ট্রাককে এয়ারপোর্ট রোড-আবদুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করতে বলা হয়েছে। একইভাবে আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকাগামী সব যানবাহন নবীনগর বাজার থেকে আগুলিয়া হয়ে ঢাকায় ঢুকবে।