দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিকস আফ্রিকা আউটরিচ অ্যান্ড ব্রিকস প্লাস ডায়ালগের অংশ হিসেবে বাংলাদেশকে সংলাপের অংশীদার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই প্রতিবেদককে জানিয়েছেন, আগস্টের ২২ থেকে ২৪ তারিখ অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়ে প্রধানমন্ত্রী গত মাসের দ্বিতীয়ার্ধে ব্রিকসের বর্তমান চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে চিঠি পাঠিয়েছেন।
গত জুনে সুইজারল্যান্ডের জেনেভায় সিরিল রামাফোসা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠকে ব্রিকস নিয়ে আলোচনা হয়। এর ফলশ্রুতিতে জুলাইয়ের শুরুতে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আফ্রিকার প্রায় সব দেশ ছাড়াও বিশ্বের আরও অনেক দেশের শীর্ষ নেতারা ওই সম্মেলনে অংশ নেবেন। এখন পর্যন্ত বাংলাদেশ, আর্জেন্টিনা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর ছাড়াও ৪০টির বেশি দেশ ব্রিকসে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
ব্রিকসে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এটি এখন বলা মুশকিল। দক্ষিণ আফ্রিকা চাইছে জোটটির সদস্য সংখ্যা বাড়াতে। জোটের চেয়ারম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের বিষয়টি নিয়ে এবারের বৈঠকে আলোচনার সম্ভাবনা আছে। তবে জোটের কলেবর বাড়ানোর ক্ষেত্রে সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। যেহেতু ভারত এবং ব্রাজিল নতুন সদস্যের অন্তর্ভুক্তির বিরোধী, তাই এ নিয়ে পাঁচ সদস্যের মধ্যে সমঝোতা না হলে বাংলাদেশসহ যোগদানে আগ্রহী সব দেশকেই অপেক্ষায় থাকতে হবে।