আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলের দাবি বেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: সংগৃহীত

ভারতের আদানি গোষ্ঠীর থেকে বিদ্যুৎ কেনার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চুক্তিতে বিস্মিত এবং উদ্বিগ্ন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)।

পরিবেশবাদী সংগঠনটি এ চুক্তি বাতিলের দাবি জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেন এ দাবি জানায়।

আদানি গোষ্ঠীর সঙ্গে করা এ চুক্তিকে দেশবিরোধী আখ্যা দিয়ে কে বা কারা সুপারিশ ও চুক্তি সম্পাদন করল, তা তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির প্রশ্ন, বাংলাদেশের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনক্ষমতার প্রায় অর্ধেক অলস থেকে যাচ্ছে, সেখানে কেন বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদ্যুৎ আমদানি করতে হবে। টোকিও ইলেকট্রিক কোম্পানি কর্তৃক বাংলাদেশের জন্য প্রণীত আমদানিনির্ভর বিদ্যুৎ পরিকল্পনা ‘পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান (পিএসএমএস)’ বাতিল করে আত্মনির্ভরশীল বিদ্যুৎ পরিকল্পনা প্রণয়ন ও অনুসরণের দাবি বেনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, ভারতের ঝাড়খন্ডে গোড্ডায় আদানি গ্রুপের ১ হাজার ৬০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে এ বছরের মার্চের প্রথম সপ্তাহেই বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশ বিদ্যুৎ কিনবে। যেসব শর্তে এ বিদ্যুৎ কেনা হচ্ছে, তা বাংলাদেশের জন্য খুবই প্রতিকূল।

এসব শর্তে আদানি কোম্পানিকে যেসব আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে, তা বাংলাদেশের অন্য কোনো কোম্পানিকে দেওয়া হয়নি। সংবাদমাধ্যমে এ চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী যেসব দিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তার কয়েকটি নিম্নরূপ—
প্রথমত, যেখানে বাংলাদেশের বিভিন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউনিটপ্রতি কয়লা ব্যবহারের পরিমাণ এগুলোর উৎপাদনক্ষমতা ব্যবহারের সব মাত্রার জন্য একই ধরা হয়েছে, সেখানে আদানি বিদ্যুৎকেন্দ্রের জন্য উৎপাদনক্ষমতা কম ব্যবহৃত হলে ইউনিটপ্রতি কয়লা ব্যবহারের পরিমাণ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে। শুধু এ কারণেই বাংলাদেশকে বছরে অতিরিক্ত ৬ হাজার ৫০০ কোটি টাকার বেশি ব্যয় করতে হতে পারে।

দ্বিতীয়ত, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে চার মাস পরপর আদানি কোম্পানির কাছে বিদ্যুতের চাহিদাপত্র পাঠাতে হবে। পরিবর্তিত পরিস্থিতির কারণে যদি পিডিবির চেয়ে কম বিদ্যুৎ কেনে, তবু চাহিদাপত্রে উল্লিখিত পরিমাণের পুরো দাম বাংলাদেশকে পরিশোধ করতে হবে।

আরও পড়ুন

তৃতীয়ত, বাংলাদেশকে আদানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতার এক-তৃতীয়াংশ পরিমাণের বিদ্যুৎ কিনতেই হবে, নইলে জরিমানা দিতে হবে।

চতুর্থত, যদি পিডিবির চাহিদা–স্বল্পতার কারণে আদানি বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনে যাওয়া বিলম্বিত হয়, তবে বাংলাদেশকে পুরো ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হবে।

পঞ্চমত, আদানি বিদ্যুৎকেন্দ্রে কয়লা ব্যবহারে সিস্টেম লসের দায়ভার বাংলাদেশকে বহন করতে হবে।

ষষ্ঠত, আদানি বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের জন্য বিদেশ থেকে যে কয়লা আমদানি করা হবে, তার দাম নির্ভর করবে আদানির নিজের ওপর। কারণ এ কোম্পানি বিদেশে কয়লা খনি থেকে উত্তোলন, পরিবহন—সবকিছুর নিয়ন্ত্রক।

সপ্তমত, আদানির সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে ২০১৭ সালের নভেম্বরে। কিন্তু ভারত সরকার কর্তৃক ২০১৯ সালে ঝাড়খন্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলে ঘোষণা করার ফলে আদানি কোম্পানি বহু ধরনের করসুবিধা পাচ্ছে। অথচ আদানি কোম্পানি এ বিষয়ে কোনো তথ্য পিডিবিকে জানায়নি এবং বাংলাদেশকে এসব করসুবিধার অংশীদার প্রয়াসী নয়।

অষ্টমত, এ প্রকল্পের সব ঝুঁকি বাংলাদেশের ওপর চাপানো হয়েছে এবং বহু বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।